২০২৬ বিশ্বকাপে খেলতে চান মেসি

অবশ্যই পরুন

২০২২ সালের বিশ্বকাপে আজীবনের স্বপ্ন পূরণ করেও থামার নাম নেই লিওনেল মেসির। বয়স এখন প্রায় ৩৯, তবুও ফুটবল দুনিয়াকে জানালেন, শারীরিক সামর্থ্য থাকলে তিনি ২০২৬ সালের বিশ্বকাপেও খেলতে চান। যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় অনুষ্ঠিত হতে যাওয়া পরবর্তী আসরে অংশ নেওয়ার আগ্রহের কথা সম্প্রতি এনবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে জানিয়েছেন এই আর্জেন্টাইন তারকা।

মেসি বলেন,“যদি বিশ্বকাপে খেলতে পারি, তবে সেটা দারুণ হবে এবং আমিও সেটাই চাই। আমি পুরোপুরি ফিট থাকতে চাই এবং দলকে সহায়তা করতে চাই। তবে বিষয়টি প্রতিদিন মূল্যায়ন করছি। আগামী মৌসুমে ইন্টার মায়ামির প্রি-সিজন শুরু হলে দেখব আমি শতভাগ ফিট কিনা তখনই সিদ্ধান্ত নেব।”

এখন পর্যন্ত পাঁচটি বিশ্বকাপে খেলেছেন মেসি। তবুও তার চোখে বিশ্বকাপে খেলা এখনো স্বপ্নের মতো। তিনি বলেন,

“জাতীয় দলের হয়ে বিশ্বকাপে খেলার স্বপ্ন সবাই দেখে। আমরা গতবার চ্যাম্পিয়ন হয়েছি, আর এবারও শিরোপা ধরে রাখার ক্ষমতা আমাদের আছে।”

২০০৪ সালে মাত্র ১৭ বছর বয়সে বার্সেলোনার হয়ে সিনিয়র ফুটবলে অভিষেক ঘটে মেসির। এরপর দুই মৌসুম খেলেন প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)-তে। ২০২৩ সালে যোগ দেন যুক্তরাষ্ট্রের ইন্টার মায়ামিতে। অনেকে মনে করেন, ২০২৬ বিশ্বকাপকে মাথায় রেখেই মেসির এই লিগে যোগ দেওয়া। সম্প্রতি ক্লাবটির সঙ্গে আরও তিন বছরের চুক্তি করায় সেই সম্ভাবনা আরও জোরালো হয়েছে।

প্রায় দুই দশকের বর্ণাঢ্য ক্যারিয়ারে তিনি জিতেছেন সবকিছুই শুধু বিশ্বকাপ ট্রফিটাই ছিল তার অপূর্ণতা। সেটি পূরণের পর মেসি বলেন, “এটি আমার জীবনের স্বপ্ন ছিল। আমার পেশাদার ক্যারিয়ারে শুধু এই ট্রফিটাই বাকি ছিল।”

আর্জেন্টিনার হয়ে এখন পর্যন্ত ১৯৫ ম্যাচে ১১৪ গোল করেছেন মেসি। যদি তিনি ২০২৬ বিশ্বকাপে অংশ নেন, তবে সেটা হবে তার ষষ্ঠ বিশ্বকাপ যা ফুটবল ইতিহাসে এক অনন্য মাইলফলক হিসেবে জায়গা করে নেবে।

ন্যাশনিক্স/এপি

আরও নিবন্ধ

সর্বশেষ সংবাদ