চট্টগ্রামের সাগরিকা স্টেডিয়াম রেলগেট এলাকায় সোমবার (২৮ অক্টোবর) ভোরে এক চালবোঝাই ট্রাকের ধাক্কায় মালবাহী একটি ট্রেন লাইনচ্যুত হয়েছে। দুর্ঘটনার পর ট্রাকটি দুমড়ে-মুচড়ে যায় এবং ট্রেনের ইঞ্জিন উল্টে পড়ে যায়। এতে ওই রুটে মালবাহী ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ রয়েছে।
রেলওয়ের এক কর্মকর্তা জানান, ভোরে চট্টগ্রাম বন্দর থেকে ঢাকার উদ্দেশ্যে ট্রেনটি যাত্রা শুরু করেছিল। সাগরিকা এলাকায় পৌঁছালে একটি চালবোঝাই ট্রাক সিগন্যাল অমান্য করে ট্রেনের ইঞ্জিনে সজোরে ধাক্কা দেয়। এতে ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত হয়ে উল্টে যায় এবং ট্রেন চলাচল ব্যাহত হয়।
চট্টগ্রাম রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, “ট্রাক ও মালবাহী ট্রেনের সংঘর্ষ হয়েছে। এতে মালবাহী ট্রেন চলাচল বন্ধ রয়েছে। এই লাইনটি মূলত মালবাহী ট্রেন ও কনটেইনার পরিবহনের জন্য ব্যবহৃত হয়, ফলে যাত্রীবাহী ট্রেনে কোনো প্রভাব পড়েনি। ট্রেন উদ্ধারের কাজ চলছে।”
দুর্ঘটনার পর এলাকায় রেলওয়ে কর্তৃপক্ষ উদ্ধার তৎপরতা শুরু করেছে এবং ট্রেন চলাচল স্বাভাবিক করতে কাজ করছে।
ন্যাশনিক্স/ এপি
