লা লিগার রোমাঞ্চে ফিরছে মৌসুমের প্রথম এল ক্লাসিকো

অবশ্যই পরুন

ফুটবল দুনিয়ার সবচেয়ে প্রতীক্ষিত ম্যাচ ‘এল ক্লাসিকো’ আবারও ফিরছে নতুন আবেগ নিয়ে। আগামী ২৬ অক্টোবর ২০২৫, রবিবার স্প্যানিশ লা লিগায় মুখোমুখি হবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা। ম্যাচটি অনুষ্ঠিত হবে মাদ্রিদের ঐতিহাসিক সান্তিয়াগো বার্নাব্যু স্টেডিয়ামে, বাংলাদেশ সময় রাত ০৯:১৫ মিনিটে। ইতোমধ্যেই দুই দলের সমর্থকদের মধ্যে উত্তেজনা তুঙ্গে। লা লিগার চলতি মৌসুমে দুই দলই পয়েন্ট তালিকার শীর্ষে কাছাকাছি অবস্থানে রয়েছে, ফলে এবারের ক্লাসিকো শুধুই মর্যাদার লড়াই নয়, বরং শিরোপা দৌড়ে এগিয়ে যাওয়ারও যুদ্ধ।

বার্সেলোনা এবার ইনজুরির ধাক্কায় চাপে আছে। দলে নেই রাফিনিহা, গ্যাভি ও রবার্ট লেওয়ানডস্কি। কোচ হানসি ফ্লিক তাই ভরসা রাখছেন তরুণ সেনাদের ওপর। লামিন ইয়ামাল, পেদ্রি ও ফারমিন লোপেজদের কাঁধে থাকবে গোলের দায়িত্ব, কিন্তু লাল কার্ড দেখার কারণে ডাগ আউটে থাকবে না তিনি। অন্যদিকে রিয়াল মাদ্রিদ প্রায় পূর্ণ শক্তিতেই মাঠে নামছে। কোচ জাবি আলোনসোর দলে ফিরেছেন কুর্তোয়া, আর দুর্দান্ত ফর্মে আছেন কিলিয়ান এমবাপে ও জুড বেলিংহাম। শেষ তিন ম্যাচে এমবাপে করেছেন চার গোল, বেলিংহামও দুই ম্যাচে গোল ও অ্যাসিস্ট মিলিয়ে অবদান রেখেছেন তিনবার।

রিয়াল অধিনায়ক দানি কারভাহাল বলেন, “এল ক্লাসিকো শুধুই ম্যাচ নয়, এটা আমাদের গর্ব ও ইতিহাসের লড়াই। ঘরের মাঠে খেলব, তাই জয় আমাদেরই লক্ষ্য।” অন্যদিকে বার্সার তরুণ তারকা লামিন ইয়ামাল বলেন, “রিয়ালের বিপক্ষে জিতলে সেটি কেবল তিন পয়েন্ট নয়, আমাদের আত্মবিশ্বাসেরও প্রতীক হবে।” বিশ্লেষকরা মনে করছেন, রিয়াল সামান্য এগিয়ে থাকলেও ক্লাসিকোতে ফলাফল সব সময়ই অনিশ্চিত থাকে। আগের মৌসুমে দুই দলের লড়াই ছিল টানটান উত্তেজনায় ভরা, এবারের ম্যাচেও তেমন নাটকীয়তা আশা করছেন দর্শকরা।

বিশ্বজুড়ে দর্শকদের চোখ এখন বার্নাব্যুর দিকে। টিকিট বিক্রি শুরু হতেই মাত্র ৪৮ ঘণ্টায় সব আসন শেষ হয়ে গেছে। ইউরোপ থেকে এশিয়া, লাতিন আমেরিকা থেকে বাংলাদেশ সর্বত্র চলছে ক্লাসিকো জ্বর। যদিও মেসি ও রোনালদোর যুগ শেষ, তবুও ক্লাসিকোর আবেগ কখনো ম্লান হয়নি। নতুন প্রজন্মের এমবাপে, বেলিংহাম, ইয়ামাল ও পেদ্রিরা এবার সেই আবেগের নতুন অধ্যায় লেখার অপেক্ষায়। সব মিলিয়ে ২৬ অক্টোবরের রাত হয়ে উঠবে স্প্যানিশ ফুটবলের ইতিহাসে আরেকটি রোমাঞ্চকর অধ্যায়, যেখানে নির্ধারিত হবে, কে হবে ইউরোপের ফুটবল রাজা, মাদ্রিদের রাজকীয় দল নাকি কাতালোনিয়ার গর্ব বার্সেলোনা।

আরও নিবন্ধ

সর্বশেষ সংবাদ