‘আমি সজীব ওয়াজেদ জয় বলছি’ তৃণমূলের ভরসার কণ্ঠ হয়ে উঠেছেন জয়

অবশ্যই পরুন

গত দুই বছরে সাংগঠনিক তৎপরতা ও নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগের ক্ষেত্রে নতুন মাত্রা যোগ করেছেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয়। বিশেষ করে ২০২৪ সালের ৫ আগস্টের পরবর্তী রাজনৈতিক বাস্তবতায় আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে ধারাবাহিক যোগাযোগ রেখে তিনি তাদের মনোবল ধরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন বলে দলটির তৃণমূলের অনেক নেতাকর্মী মনে করেন।

দলের কঠিন সময়ে সরাসরি যোগাযোগ, অনলাইন বৈঠক এবং বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের সঙ্গে ধারাবাহিক মতবিনিময়ের মাধ্যমে জয় তৃণমূলের সঙ্গে একটি কার্যকর যোগাযোগের বলয় তৈরি করেছেন। নানা প্রতিকূলতার মধ্যেও নেতাকর্মীদের হতাশ না হয়ে সংগঠনের সঙ্গে সম্পৃক্ত থাকার আহ্বান জানিয়েছেন তিনি।

তৃণমূলের অনেক নেতাকর্মীর কাছে তাঁর পরিচিতি এখন শুধু ‘সজীব ওয়াজেদ জয়’ হিসেবে নয়; বরং সংকটের সময়ে যোগাযোগের একটি নির্ভরতার জায়গা হিসেবে তৈরি হয়েছে। অনলাইনে নেতাকর্মীদের সঙ্গে কথা বলার শুরুতে তাঁর বলা—‘সজীব ওয়াজেদ জয় বলছি’—এই পরিচয়বাক্যটিও অনেকের কাছে হয়ে উঠেছে পরিচিত ও আশ্বস্ত করার মতো একটি কণ্ঠ।

বিশেষ করে আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা প্রকাশ্যে নিয়মিত বক্তব্য দেওয়ার আগের সময়টিতে দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ ও দিকনির্দেশনার ক্ষেত্রে জয়ের সক্রিয়তা দলীয় নেতাকর্মীদের মধ্যে ইতিবাচক সাড়া তৈরি করে। তাঁর বক্তব্যে বারবার উঠে এসেছে ঐক্য, সাংগঠনিকভাবে সক্রিয় থাকা এবং রাজনৈতিকভাবে ধৈর্য ধরে পরিস্থিতি মোকাবিলার বিষয়।

এদিকে আওয়ামী লীগের ভবিষ্যৎ সাংগঠনিক কাঠামো নিয়েও দলের অভ্যন্তরে আলোচনা চলছে। সম্ভাব্য নতুন কমিটিতে সজীব ওয়াজেদ জয়ের অন্তর্ভুক্তি এবং তাঁকে গুরুত্বপূর্ণ সাংগঠনিক দায়িত্ব দেওয়ার বিষয়টি নিয়েও রাজনৈতিক অঙ্গনে আলোচনা রয়েছে। যদিও এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আনুষ্ঠানিকভাবে না আসা পর্যন্ত এটিকে সম্ভাবনা হিসেবেই দেখা হচ্ছে।

তবে গত দুই বছরে তৃণমূল নেতাকর্মীদের সঙ্গে তাঁর ধারাবাহিক যোগাযোগ একটি বিষয় স্পষ্ট করেছে দলের মাঠপর্যায়ের কর্মীদের সঙ্গে যোগাযোগকে তিনি গুরুত্ব দিচ্ছেন। একাধিক দফায় অনলাইন বৈঠক ও মতবিনিময়ের মাধ্যমে নেতাকর্মীদের কথা শোনা এবং তাদের মনোবল ধরে রাখার চেষ্টা তাঁর সাংগঠনিক কর্মকাণ্ডের অন্যতম উল্লেখযোগ্য দিক হয়ে উঠেছে।

আওয়ামী লীগের বর্তমান রাজনৈতিক বাস্তবতায় দলের নেতাকর্মীদের কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জগুলোর একটি হলো সাংগঠনিক ঐক্য ও মনোবল ধরে রাখা। এই জায়গায় সজীব ওয়াজেদ জয়ের সক্রিয়তা দলটির তৃণমূলে নতুন আশার সঞ্চার করেছে বলে মনে করছেন তাঁর সমর্থকরা।

আরও নিবন্ধ

সর্বশেষ সংবাদ