সারা দেশে বিশেষ অভিযান চালানোর নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর

অবশ্যই পরুন

সন্ত্রাস, চাঁদাবাজি, মাদক কারবার ও অবৈধ অস্ত্র উদ্ধারে সারা দেশে বিশেষ অভিযান জোরদারের নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

শনিবার (২৯ আগস্ট) রাজারবাগ পুলিশ অডিটোরিয়ামে ‘ত্রৈমাসিক অপরাধ পর্যালোচনা সভা’ শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সারা দেশে অবৈধ ও লুণ্ঠিত অস্ত্র উদ্ধারে অভিযান চলছে। একই সঙ্গে মাদক চোরাচালান, সন্ত্রাসী কর্মকাণ্ড ও চাঁদাবাজির বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনা করা হবে।

তিনি বলেন, গোয়েন্দা সংস্থাগুলোর ইন্টেলিজেন্স সাপোর্ট নিয়ে এসব কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। অভিযান আরও জোরদার করতে সভায় পুলিশ কর্মকর্তাদের বিভিন্ন পরামর্শ দেওয়া হয়েছে এবং কিছু কৌশল প্রণয়ন করা হয়েছে। তবে কৌশলগুলোর বিস্তারিত প্রকাশ করা সম্ভব নয়।

অপরাধ দমনে পুলিশের দায়বদ্ধতার বিষয়টি উল্লেখ করে সালাহউদ্দিন আহমদ বলেন, সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক কারবারিদের বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ নিতে কর্মকর্তাদের নির্দিষ্ট সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে।

নির্ধারিত সময়ের মধ্যে কোনো কর্মকর্তা প্রত্যাশিত অগ্রগতি দেখাতে ব্যর্থ হলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

সভায় সভাপতিত্ব করেন আইজিপি মো. আলী হোসেন ফকির। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী। স্বাগত বক্তব্য দেন পুলিশের অতিরিক্ত আইজিপি (ক্রাইম অ্যান্ড অপারেশনস) খন্দকার রফিকুল ইসলাম।

সভায় পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত আইজিপি (প্রশাসন) একেএম আওলাদ হোসেনসহ বিভিন্ন রেঞ্জের ডিআইজি, মহানগর পুলিশের কমিশনার, অতিরিক্ত পুলিশ কমিশনার ও জেলার পুলিশ সুপাররা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে মন্ত্রী পুলিশ কর্মকর্তাদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন এবং অপরাধ নিয়ন্ত্রণে করণীয় নিয়ে তাদের সঙ্গে মতবিনিময় করেন।

আরও নিবন্ধ

সর্বশেষ সংবাদ