যুবলীগ নেতার হামলায় আহত বিএনপি কর্মী

অবশ্যই পরুন

বরিশালের গৌরনদীতে চোর অপবাদকে কেন্দ্র করে যুবলীগ নেতার নেতৃত্বে হামলা, আহত বিএনপি পরিবারের তিনজন

বরিশালের গৌরনদীতে চোর অপবাদ দেওয়াকে কেন্দ্র করে যুবলীগ নেতার নেতৃত্বে হামলার ঘটনায় বিএনপির এক কর্মীসহ একই পরিবারের তিনজন আহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে শুক্রবার রাত পৌনে ৮টার দিকে উপজেলার নাঠৈ মোহাম্মদিয়া জামে মসজিদের ভেতরে ও প্রাঙ্গণে।

আহতরা হলেন,বিএনপি কর্মী সৈয়দ আব্দুল আলীম (৬২), তার স্ত্রী মিসেস লিয়া (৫১) ও তাদের পুত্র সৈয়দ তাওসীন ইসলাম (১৫)। বর্তমানে তারা গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

আহত মিসেস লিয়া জানান, তাদের প্রতিবেশী সৈয়দ সালাউদ্দিনের কাছ থেকে ক্রয় করা একটি গাছ কাটতে গেলে স্থানীয় ইউপি সদস্য ও উপজেলা যুবলীগের সহ-সম্পাদক সৈয়দ মেহেদী সুলভ বাধা দেন। শুক্রবার ভোরে সুলভ ও তার সহযোগীরা গাছের টুকরো চুরি করে নিয়ে গেলে তারা বিষয়টি দেখতে পান। এতে ক্ষিপ্ত হয়ে সন্ধ্যায় মসজিদে নামাজ শেষে সুলভ ও তার লোকজন আলীমকে মারধর করে। স্বামীকে বাঁচাতে গেলে তিনি ও তার ছেলে তাওসীনকেও কুপিয়ে আহত করা হয়।

পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তিনজনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দাখিল করা হয়েছে বলে জানিয়েছেন মিসেস লিয়া।

অভিযুক্ত ইউপি সদস্য ও যুবলীগ নেতা সৈয়দ মেহেদী সুলভ অভিযোগ অস্বীকার করে বলেন যে,আমাকে চোর বলায় প্রতিপক্ষরাই আগে হামলা চালিয়েছে। আমি আত্মরক্ষার্থে প্রতিক্রিয়া দেখিয়েছি মাত্র। ঘটনাটি আমার পৈতৃক জমির গাছ কাটাকে কেন্দ্র করে।

গৌরনদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম বলেন যে,ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়, তবে এর আগেই সুলভ মেম্বার ও তার সহযোগীরা পালিয়ে যান। লিখিত অভিযোগ গ্রহণ করা হয়েছে, তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

স্থানীয়ভাবে ঘটনাটি নিয়ে উত্তেজনা বিরাজ করছে, তবে পরিস্থিতি বর্তমানে পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।

আরও নিবন্ধ

সর্বশেষ সংবাদ