অস্ট্রেলিয়ায় ব্যাপক সমালোচনা ও বিভিন্ন সম্প্রদায়ের সংগঠনের প্রতিবাদের মুখে সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরেছেন বাংলাদেশের জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। তাঁর অস্ট্রেলিয়া সফরকে কেন্দ্র করে দেশটির ইহুদি ও হিন্দু সম্প্রদায়ের বিভিন্ন সংগঠন তীব্র আপত্তি ও উদ্বেগ প্রকাশ করে।
অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যম দ্য অস্ট্রেলিয়ান-এর প্রতিবেদনে শফিকুর রহমানের অতীত বক্তব্য, হামাসের প্রয়াত নেতা ইয়াহিয়া সিনওয়ার ও ইসমাইল হানিয়ার প্রতি তাঁর প্রশংসাসূচক মন্তব্য এবং নারীদের কর্মজীবন নিয়ে বিতর্কিত বক্তব্যের বিষয়গুলো উঠে আসে। এসব বিষয়কে কেন্দ্র করে অস্ট্রেলিয়ার বিভিন্ন মহলে সমালোচনা শুরু হয়।
এদিকে অস্ট্রেলিয়ান জিউইশ অ্যাসোসিয়েশন (AJA) ও অস্ট্রেলিয়ান হিন্দু অ্যাসোসিয়েশন (AHA) যৌথ বিবৃতিতে শফিকুর রহমানের অস্ট্রেলিয়া সফর নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে। সংগঠন দুটি অস্ট্রেলিয়া সরকারকে প্রশ্ন করে, কেন তাঁকে দেশটিতে প্রবেশের অনুমতি দেওয়া হয়েছে এবং সরকারি কোনো প্রতিনিধির সঙ্গে তাঁর বৈঠক হয়েছে কি না।
অস্ট্রেলিয়ান জিউইশ অ্যাসোসিয়েশনের সভাপতি রবার্ট গ্রেগরি এবং অস্ট্রেলিয়ান হিন্দু অ্যাসোসিয়েশনের সভাপতি আমেন্দ্র সিংও এ সফর নিয়ে সমালোচনা করেন। তাঁদের বক্তব্যে সামাজিক সম্প্রীতি, সংখ্যালঘুদের নিরাপত্তা এবং বিদেশি রাজনৈতিক নেতাদের ভিসা প্রদানের ক্ষেত্রে একই ধরনের মানদণ্ড অনুসরণের বিষয়টি গুরুত্ব পায়।
অন্যদিকে, অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী টনি বার্কের কাছে শফিকুর রহমানের ভিসা বাতিলের দাবি জানিয়ে আনুষ্ঠানিক আবেদন করেন অভিবাসনবিষয়ক পরামর্শক রেমন্ড সালোমন।
এমন পরিস্থিতির মধ্যেই মঙ্গলবার (২৪ নভেম্বর) অস্ট্রেলিয়া সফর শেষ করে দেশে ফেরার উদ্দেশ্যে রওনা হন জামায়াত আমির। এর আগে তাঁর দেশে ফেরার সম্ভাব্য তারিখ ২৬ নভেম্বর নির্ধারিত ছিল।
তাঁর সফর সংক্ষিপ্ত করার পেছনে অস্ট্রেলিয়া সরকারের কোনো ভিসা বাতিলের সিদ্ধান্ত ছিল কি না, তা এখন প্রধান আলোচনার বিষয় হয়ে উঠেছে।
