শেখ হাসিনার প্রত্যাবর্তন ঘিরে উদ্বেগ, সীমান্ত পাহারায় বিজিবির পাশাপাশি স্থানীয়দেরও ডাক দিলেন তারেক রহমানের সহকারী রাশেদ খাঁন

অবশ্যই পরুন

শেখ হাসিনার সম্ভাব্য প্রত্যাবর্তন নিয়ে আলোচনা এবং আওয়ামী লীগের নেতাদের সীমান্ত তৎপরতার খবরের মধ্যেই সীমান্তবর্তী এলাকার বাসিন্দাদের বিজিবির পাশাপাশি পাহারায় থাকার অনুরোধ জানিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। সীমান্ত দিয়ে অনুপ্রবেশ ও সম্ভাব্য অস্থিরতা সৃষ্টির আশঙ্কা প্রকাশ করে তিনি স্থানীয়দের সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন।

সোমবার (২৩ নভেম্বর) নিজের ফেসবুক স্ট্যাটাসে রাশেদ খাঁন এ আহ্বান জানান।

স্ট্যাটাসে তিনি দাবি করেন, বাংলাদেশে আত্মগোপনে থাকা আওয়ামী লীগের নেতাকর্মীদের সক্রিয় করতে শেখ হাসিনার সম্ভাব্য প্রত্যাবর্তনের পথ খোঁজার নামে পশ্চিমবঙ্গের পেট্রাপোল সীমান্তে আওয়ামী লীগের কয়েকজন শীর্ষ নেতার বৈঠকের খবর প্রচার করা হচ্ছে। ভারতীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে প্রকাশিত এসব খবরের প্রসঙ্গ তুলে তিনি এ তৎপরতা নিয়ে প্রশ্ন তোলেন।

রাশেদ খাঁন আরও দাবি করেন, শেখ হাসিনাকে বন্দি বিনিময় চুক্তির আওতায় দেশে ফিরিয়ে আনতে সরকার আইনি প্রক্রিয়া সম্পন্ন করেছে। তবে ভারত তাঁকে ফেরত পাঠাবে কি না, তা নিয়ে সংশয় প্রকাশ করেন তিনি।

বাংলাদেশে অস্থিরতা সৃষ্টির পেছনে আন্তর্জাতিক ষড়যন্ত্র থাকতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেন প্রধানমন্ত্রীর এই রাজনৈতিক সহকারী। তাঁর দাবি, পরিস্থিতি অস্থিতিশীল করে ভারতীয় নাগরিকত্ব বাতিল হওয়া ব্যক্তিদের বাংলাদেশে পুশইন করার অপচেষ্টা হতে পারে।

এমন আশঙ্কার কথা উল্লেখ করে সীমান্তবর্তী এলাকার বাসিন্দাদের বিজিবির পাশাপাশি সীমান্ত পাহারায় অংশ নেওয়ার অনুরোধ জানান তিনি। অতীতের মতো এবারও এ ধরনের অনুপ্রবেশের চেষ্টা প্রতিহত করতে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান রাশেদ খাঁন।

ন্যাশনিক্স/এলকে

আরও নিবন্ধ

সর্বশেষ সংবাদ