নেত্রকোণার মদনে পৌরসভার টোল আদায়কে কেন্দ্র করে বিরোধের জেরে আব্দুল বারেক নামে ৮৪ বছর বয়সী এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত টোল আদায়কারীকে গ্রেফতার করেছে পুলিশ।
নেত্রকোণার মদন উপজেলায় পরিবহনের টোল আদায়কে কেন্দ্র করে সৃষ্ট বিরোধের জেরে এক প্রবীণ ব্যক্তির মৃত্যু হয়েছে। নিহত আব্দুল বারেক (৮৪) ২০২৪ সালের জুলাই আন্দোলনে পুলিশের গুলিতে এক চোখ হারিয়েছিলেন।
সোমবার (২৩ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, নাতনিকে সঙ্গে নিয়ে সিএনজিচালিত অটোরিকশায় করে যাচ্ছিলেন আব্দুল বারেক। পথে পৌরসভার টোল আদায়কারী আতিকুল মিয়ার সঙ্গে টোল দেওয়া নিয়ে তাঁর কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে আতিকুলের ঘুষিতে গুরুতর আহত হন তিনি।
পরে স্থানীয় লোকজন তাঁকে দ্রুত মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সালাউদ্দিন করিম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, এ ঘটনায় অভিযুক্ত আতিকুল মিয়াকে গ্রেফতার করা হয়েছে।
