১৯ নভেম্বরের লকডাউনের রেশ কাটতে না কাটতেই নতুন কর্মসূচি ঘোষণা; ২৯ ও ৩০ নভেম্বর টানা ৪৮ ঘণ্টার লকডাউন।
সদ্য শেষ হওয়া ১৯ নভেম্বরের দেশব্যাপী লকডাউন কর্মসূচির পর আবারও টানা ৪৮ ঘণ্টার দেশব্যাপী লকডাউনের ঘোষণা দিয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ। আগামী ২৯ ও ৩০ নভেম্বর এই কর্মসূচি পালন করা হবে বলে দলটির প্রকাশিত কর্মসূচির পোস্টারে জানানো হয়েছে।
ডিসেম্বরে দলীয় সভাপতি শেখ হাসিনার দেশে প্রত্যাবর্তনকে সামনে রেখে ধারাবাহিক কর্মসূচি ঘোষণা করছে আওয়ামী লীগ। এরই অংশ হিসেবে নভেম্বরের বাকি দিনগুলোতে একাধিক কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে দলটি।
আওয়ামী লীগের প্রকাশিত কর্মসূচি অনুযায়ী, আগামী ২০ নভেম্বর নিহত সহযোদ্ধাদের আত্মার মাগফিরাত কামনায় ধর্মীয় উপাসনালয়ে দোয়া, মিলাদ মাহফিল ও প্রার্থনা অনুষ্ঠানের আয়োজন করা হবে। ২২ থেকে ২৬ নভেম্বর পর্যন্ত প্রতিদিন সারা দেশে বিক্ষোভ মিছিল এবং ২৭ ও ২৮ নভেম্বর দেশব্যাপী মশাল মিছিলের কর্মসূচি রয়েছে।
এ ছাড়া ২৯ ও ৩০ নভেম্বর টানা ৪৮ ঘণ্টা সারা দেশে সর্বাত্মক লকডাউন পালনের ঘোষণা দেওয়া হয়েছে।
উল্লেখ্য, গত ১৯ নভেম্বরের দেশব্যাপী লকডাউন কর্মসূচি সফল হয়েছে দাবি করে দলটির অফিসিয়াল ফেসবুক পেজ থেকে একটি বিবৃতি প্রকাশ করা হয়। ওই বিবৃতিতে দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা ও শুভেচ্ছা জানান দলটির সভাপতি শেখ হাসিনা।
নতুন এই কর্মসূচিকে কেন্দ্র করে নভেম্বরের শেষ সপ্তাহজুড়ে রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা তৈরি হয়েছে।
