দেশ বাঁচানো ও মানুষের অধিকার প্রতিষ্ঠার পাশাপাশি ‘জনতার ক্ষমতায়ন এবং ৮-দফা’ বাস্তবায়নের দাবিতে ১০ দিনব্যাপী দেশব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ আওয়ামী লীগ। আগামী ২০ থেকে ৩০ নভেম্বর পর্যন্ত বিভিন্ন কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে দলটি। এর মধ্যে রয়েছে বিশেষ প্রার্থনাসভা, বিক্ষোভ মিছিল, মশাল মিছিল এবং টানা ৪৮ ঘণ্টার দেশব্যাপী লকডাউন।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বাংলাদেশ আওয়ামী লীগের ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ কর্মসূচির কথা জানানো হয়।
দলটির ঘোষিত কর্মসূচি অনুযায়ী, ২০ নভেম্বর সরকারের পৃষ্ঠপোষকতায় পরিচালিত দমন-পীড়নে নিহত ও আহত ব্যক্তিদের জন্য দেশের মসজিদ, মন্দির, গির্জা ও প্যাগোডায় মিলাদ, দোয়া ও বিশেষ প্রার্থনাসভার আয়োজন করা হবে।
২২ নভেম্বর আওয়ামী লীগ নেতৃবৃন্দ, সাবেক মন্ত্রী, জনপ্রতিনিধি এবং বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা, শ্রমিক হত্যা, গোপালগঞ্জের ঘটনা এবং দেশব্যাপী সন্ত্রাস, মব ও সহিংসতার প্রতিবাদে বিক্ষোভ মিছিলের কর্মসূচি ঘোষণা করা হয়েছে।
২৩ নভেম্বর পোশাকশ্রমিক, অটোরিকশাচালকসহ সব শ্রমজীবী মানুষের ন্যায্য পাওনা নিশ্চিতের দাবিতে বিক্ষোভ মিছিল করবে দলটি। ২৪ নভেম্বর নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম কমানো এবং তেল, গ্যাস, বিদ্যুৎ ও সারের দাম কমানোসহ সরবরাহ নিশ্চিতের দাবিতে বিক্ষোভ মিছিলের ঘোষণা দেওয়া হয়েছে।
এ ছাড়া ২৫ নভেম্বর বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা ও অন্যদের বিরুদ্ধে ঘোষিত রায় বাতিল, ট্রাইব্যুনাল বাতিল এবং রাজবন্দিদের মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল করবে আওয়ামী লীগ। ২৬ নভেম্বর দলটি এবং এর সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনগুলোর ওপর আরোপিত নিষেধাজ্ঞা বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিলের কর্মসূচি রাখা হয়েছে।
কর্মসূচির পরবর্তী ধাপে ২৭ ও ২৮ নভেম্বর ৮ দফা বাস্তবায়নের দাবিতে দেশব্যাপী মশাল মিছিল অনুষ্ঠিত হবে। সবশেষে ২৯ ও ৩০ নভেম্বর টানা ৪৮ ঘণ্টার দেশব্যাপী সর্বাত্মক লকডাউনের ঘোষণা দিয়েছে দলটি।
বিজ্ঞপ্তিতে আওয়ামী লীগ জানায়, ঘোষিত কর্মসূচি সফল করতে দলের সব শাখা এবং সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের সব পর্যায়ের নেতাকর্মীদের নির্দেশনা দেওয়া হয়েছে। একই সঙ্গে ৮ দফা দাবি বাস্তবায়নে আন্দোলন গড়ে তুলতে জনগণের প্রতি আহ্বান জানিয়েছে দলটি।
বিজ্ঞপ্তিতে আরও দাবি করা হয়, দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতিতে সংকট নিরসনে বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার নেতৃত্বে দলটি আন্দোলন চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। আগামী ডিসেম্বরে শেখ হাসিনার দেশে ফেরার বিষয়টিও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
