আগামীকাল বৃহস্পতিবার (১৯ নভেম্বর) আওয়ামী লীগের ঘোষিত লকডাউন কর্মসূচির আগেই নিরাপত্তাজনিত কারণে খুলনা থেকে পদ্মা সেতু হয়ে চলাচলকারী সব রুটে বাস চলাচল বন্ধ রেখেছে বাস মালিক সমিতি। এতে ঢাকা-খুলনাসহ চট্টগ্রাম, কক্সবাজার, সিলেট, বরিশাল ও রাজবাড়ীগামী যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েছেন। গোপালগঞ্জ হয়ে বরিশাল রুটেও বাস চলাচল বন্ধ রয়েছে।
বুধবার (১৮ নভেম্বর) দুপুরের পর গোপালগঞ্জের বিভিন্ন স্থানে সড়কে গাছের গুঁড়ি ফেলে বাস চলাচলে বাধা সৃষ্টি, কয়েকটি বাস ভাঙচুর ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। এসব ঘটনার পর যাত্রী ও যানবাহনের নিরাপত্তার কথা বিবেচনা করে বাস চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় পরিবহন মালিকপক্ষ।
খুলনা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. জাহিদ হোসেন খান বাংলা ট্রিবিউনকে বলেন, বুধবার দুপুরের পর গোপালগঞ্জের বিভিন্ন স্থানে বিচ্ছিন্নভাবে বাস ভাঙচুর ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। এতে যাত্রী ও যানবাহনের নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়। এ পরিস্থিতিতে পরিবহন মালিকরা বেলা দেড়টার পর বাস চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নেন।
তিনি জানান, গোপালগঞ্জ হয়ে পদ্মা সেতু দিয়ে চলাচলকারী খুলনা-ঢাকা রুটের দূরপাল্লার বাসসহ ঢাকা, কক্সবাজার, সিলেট, চট্টগ্রাম, বরিশাল ও রাজবাড়ী রুটের বাস চলাচলও আপাতত বন্ধ রয়েছে। খুলনা ও যশোর থেকে নড়াইল হয়ে কাশিয়ানী দিয়ে পদ্মা সেতু পারাপার করা বাসও বন্ধ রাখা হয়েছে। তবে আরিচা হয়ে আগের রুটে বাস চলাচল করছে।
আগামীকাল ১৯ নভেম্বর আওয়ামী লীগের ঘোষিত লকডাউন কর্মসূচিকে সামনে রেখে গোপালগঞ্জের সড়ক পরিস্থিতি ও নিরাপত্তা নিয়ে উদ্বেগের মধ্যে বাস চলাচল বন্ধের এ সিদ্ধান্তে বিপাকে পড়েছেন সাধারণ যাত্রীরা। খুলনার বিভিন্ন বাস টার্মিনাল ও কাউন্টারে এসে নির্ধারিত গন্তব্যের বাস না পেয়ে ফিরে যেতে হচ্ছে অনেককে।
ন্যাশনিক্স/এলকে
