িলিস্তিনিদের স্থায়ী সার্বভৌমত্বের পক্ষে ভারতের ভোট!

অবশ্যই পরুন

ফিলিস্তিনি জনগণের নিজস্ব প্রাকৃতিক সম্পদের ওপর স্থায়ী ও অবিচ্ছেদ্য অধিকার প্রতিষ্ঠার দাবিতে জাতিসংঘ সাধারণ পরিষদে (ইউএনজিএ) উত্থাপিত একটি প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছে ভারত। একই প্রস্তাবের বিপক্ষে ভোট দিয়েছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র।

গত ১১ নভেম্বর উরুগুয়ের উত্থাপিত প্রস্তাবটি জাতিসংঘের ১৯৩ সদস্যবিশিষ্ট সাধারণ পরিষদে বিপুল ভোটে গৃহীত হয়। ভারতসহ ১৫১টি দেশ প্রস্তাবের পক্ষে ভোট দেয়। অন্যদিকে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রসহ সাতটি দেশ বিপক্ষে ভোট দেয় এবং ১১টি দেশ ভোটদানে বিরত থাকে।

প্রস্তাবে ফিলিস্তিনের অধিকৃত ভূখণ্ড, পূর্ব জেরুজালেম এবং অধিকৃত সিরীয় গোলান মালভূমির আরব জনগোষ্ঠীর ভূমি, পানি ও জ্বালানিসহ প্রাকৃতিক সম্পদের ওপর সার্বভৌম অধিকারের বিষয়টি পুনর্ব্যক্ত করা হয়েছে।

প্রস্তাবে ইসরায়েলকে এসব অঞ্চলের প্রাকৃতিক সম্পদের শোষণ, ক্ষতিসাধন, অপচয় ও নিঃশেষকরণ বন্ধ করার আহ্বান জানানো হয়েছে। পাশাপাশি অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে, বিশেষ করে পূর্ব জেরুজালেমের আশপাশে ইসরায়েলের দেয়াল ও বসতি নির্মাণকে আন্তর্জাতিক আইনের পরিপন্থী বলে উল্লেখ করা হয়েছে।

জাতিসংঘের প্রস্তাবে আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) ২০০৪ সালের জুলাই মাসের পরামর্শমূলক মতামত এবং সংশ্লিষ্ট জাতিসংঘ প্রস্তাবনাগুলোর আইনি বাধ্যবাধকতা সম্পূর্ণভাবে মেনে চলার ওপরও গুরুত্ব দেওয়া হয়েছে।

এতে ইসরায়েলকে আন্তর্জাতিক আইন ও আন্তর্জাতিক মানবিক আইনের অধীনে তার দায়িত্ব পালনের আহ্বান জানানো হয়েছে। অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডের চরিত্র ও মর্যাদা পরিবর্তনের উদ্দেশ্যে নেওয়া সব ধরনের নীতি ও পদক্ষেপ বন্ধ করার কথাও বলা হয়েছে।

এ ছাড়া ইসরায়েলি বসতি স্থাপনকারীদের পরিবেশবিধ্বংসী কর্মকাণ্ড, বর্জ্য ফেলা এবং প্রাকৃতিক পরিবেশের ক্ষতিসাধন বন্ধের দাবি জানানো হয়েছে।

প্রস্তাবে পানি সরবরাহের পাইপলাইন, পয়োনিষ্কাশন ব্যবস্থা ও বিদ্যুৎ অবকাঠামো ধ্বংস বন্ধ করার পাশাপাশি ফিলিস্তিনিদের বাড়িঘর, কৃষিজমি ও পানির কূপ ভাঙচুর এবং জব্দ করা বন্ধের আহ্বান জানানো হয়েছে।

একই সঙ্গে গাজাসহ অধিকৃত ফিলিস্তিনি অঞ্চলে পুনর্গঠন ও উন্নয়ন কার্যক্রম এগিয়ে নেওয়ার জরুরি প্রয়োজনীয়তার কথা তুলে ধরা হয়েছে। এসব উদ্যোগ বাস্তবায়নে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতাও কামনা করা হয়েছে।

আরও নিবন্ধ

সর্বশেষ সংবাদ