২০২৪ সালের ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর থেকেই পুলিশের একটি অংশের মধ্যে জমে রয়েছে ক্ষোভ ও অসন্তোষ। আন্দোলন চলাকালে পুলিশের প্রাণহানি, হত্যাকাণ্ডের বিচার না হওয়া, পুলিশ সদস্যদের ওপর হামলা, অধিকার ও যথাযথ মূল্যায়নের অভাব এবং আওয়ামী লীগ সরকারের আমলের পুলিশ হিসেবে চিহ্নিত করে অনেককে চাকরিচ্যুত করার ঘটনায় বাহিনীর অভ্যন্তরে অসন্তোষ তৈরি হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রের দাবি।
সূত্রের দাবি, এসব কারণে পুলিশের একাংশের মধ্যে অন্তর্বর্তীকালীন ইউনূস সরকার এবং বর্তমান বিএনপি সরকারের প্রতি অসন্তোষ রয়েছে। এরই মধ্যে আগামী ডিসেম্বরে শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণাকে কেন্দ্র করে পুলিশের অভ্যন্তরে নতুন করে অস্থিরতা তৈরি হয়েছে। পুলিশের অনেক সদস্য মনে করেন, শেখ হাসিনার শাসনামলে তারা তুলনামূলকভাবে বেশি মূল্যায়ন ও সুযোগ-সুবিধা পেয়েছিলেন।
এমন পরিস্থিতিতে আইজিপির নির্দেশনা নিয়েও ডিআইজি ও এসপি পর্যায়ের কর্মকর্তাদের অনীহার অভিযোগ উঠেছে। তবে পুলিশের অভ্যন্তরীণ এই অসন্তোষ, নির্দেশনা অমান্যের অভিযোগ এবং শেখ হাসিনার ফেরার ঘোষণার সঙ্গে এর সরাসরি সম্পর্কের বিষয়টি এখনো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
