রাজনীতির মাঠে অবস্থান, সময় ও পরিস্থিতি পরিবর্তন হতে পারে, কিন্তু আদর্শের প্রতি প্রকৃত বিশ্বাস কখনো পরিবর্তন হয় না বলে মন্তব্য করেছেন সিলেট মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ নাঈম আহমদ।
১০ নভেম্বরের প্রতিকূল পরিস্থিতিতে সাহস ও নিষ্ঠার পরিচয় দেওয়া সিলেট মহানগর ছাত্রলীগের প্রতিটি নেতাকর্মী এবং বাংলাদেশের সকল সহযোদ্ধার প্রতি আন্তরিক ধন্যবাদ, শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি।
একই সঙ্গে সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট রঞ্জিত সরকার এবং জেলা ছাত্রলীগের সভাপতি নাজমুল ইসলামের বাসায় হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন নাঈম আহমদ। এ হামলার জন্য বিএনপির চিহ্নিত সন্ত্রাসীদের দায়ী করে তিনি ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেন।
নাঈম আহমদ বলেন, এই ঘটনার বিচার একদিন সিলেটের মাটিতেই হবে, হতেই হবে। অন্যায়ের প্রতিবাদ, হামলার নিন্দা এবং রাজনৈতিক অধিকার ও নিরাপত্তার দাবি অব্যাহত থাকবে।
তিনি আরও বলেন, আমাদের পরিচয় আমাদের আদর্শ, আমাদের শক্তি আমাদের ঐক্য। প্রতিকূল পরিস্থিতি যতই আসুক, আদর্শের প্রশ্নে প্রকৃত বিশ্বাস ও ঐক্য অটুট থাকবে।
বিবৃতির শেষে তিনি ‘জয় বাংলা’ ও ‘জয় বঙ্গবন্ধু’ স্লোগান উচ্চারণ করেন।
