মৌলভীবাজারের শ্রীমঙ্গলে নারীসহ ঘুরতে গিয়ে বিক্ষুব্ধ জনতার রোষানলে পড়েছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-সংশ্লিষ্ট সাবেক ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসিব আল ইসলাম। এ সময় তাঁকে ‘জঙ্গি’ সম্বোধন করে স্থানীয় কয়েকজন ব্যক্তি উত্তেজিত হয়ে ওঠেন এবং একপর্যায়ে তাঁর ওপর হামলার ঘটনা ঘটে বলে অভিযোগ উঠেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে হাসিবকে ঘিরে ধরে কয়েকজনের সঙ্গে উত্তেজনাকর পরিস্থিতি এবং তাঁর ওপর হামলার দৃশ্য দেখা যাচ্ছে।
২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর হাসিব আল ইসলামের একটি বক্তব্য ব্যাপক বিতর্কের জন্ম দিয়েছিল। ২৬ অক্টোবর ডিবিসি টেলিভিশনের একটি টকশোতে তিনি বলেছিলেন, মেট্রোরেলে আগুন দেওয়া এবং পুলিশ হত্যার মতো ঘটনা না ঘটলে বিপ্লব সম্ভব হতো না। তাঁর এই বক্তব্যে দেশজুড়ে সমালোচনার ঝড় ওঠে। এমনকি এ বক্তব্যের জেরে তাঁকে কারণ দর্শানোর নোটিশও দেওয়া হয়েছিল। মেট্রোরেলে অগ্নিসংযোগ ও পুলিশ হত্যার মতো সহিংস ঘটনাকে বিপ্লবের সাফল্যের সঙ্গে যুক্ত করে এমন বক্তব্য দেওয়ায় বিভিন্ন মহলে ক্ষোভ সৃষ্টি হয়।
এদিকে হাসিব আল ইসলামের বিরুদ্ধে চাঁদাবাজিসহ বিভিন্ন অনিয়মের অভিযোগও সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচিত হচ্ছে।
