আওয়ামী লীগের নিষেধাজ্ঞা প্রত্যাহার চায় ৬টি আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা

অবশ্যই পরুন

বাংলাদেশে গণতান্ত্রিক রাজনীতি ও মৌলিক অধিকার পুনঃপ্রতিষ্ঠায় আওয়ামী লীগের ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহারের আহ্বান জানিয়েছে বিশ্বের ছয়টি শীর্ষ মানবাধিকার সংস্থা। তাদের মতে, দেশের সবচেয়ে পুরনো ও বৃহৎ রাজনৈতিক দলকে নিষিদ্ধ রাখলে গণতন্ত্রের বিকাশ ব্যাহত হবে এবং রাজনৈতিক ভারসাম্য নষ্ট হবে।

হিউম্যান রাইটস ওয়াচ, সিভিকাস, ফর্টিফাই রাইটস, রবার্ট এফ. কেনেডি হিউম্যান রাইটস, কমিটি টু প্রটেক্ট জার্নালিস্টস (সিপিজে) এবং টেক গ্লোবাল ইনস্টিটিউট এই ছয়টি সংস্থা যৌথভাবে বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে একটি খোলা চিঠি পাঠিয়েছে, যা হিউম্যান রাইটস ওয়াচের ওয়েবসাইটে প্রকাশ করা হয়।

চিঠির শুরুতে সংস্থাগুলো বর্তমান অন্তর্বর্তী সরকারের কিছু পদক্ষেপের প্রশংসা জানিয়ে বলেছে, গুম ও নির্যাতনের তদন্ত শুরু, আইনি সংস্কারের উদ্যোগ এবং মৌলিক স্বাধীনতা পুনঃপ্রতিষ্ঠার প্রক্রিয়া ইতিবাচক দৃষ্টান্ত সৃষ্টি করেছে। তবে তারা সতর্ক করে দিয়েছে যে, গণতন্ত্রকে শক্তিশালী করতে হলে রাজনৈতিক অন্তর্ভুক্তি নিশ্চিত করতে হবে এবং সব দলের অধিকার সমানভাবে স্বীকৃত হতে হবে।

চিঠিতে সরকারের উদ্দেশে ১২ দফা সুপারিশ উপস্থাপন করা হয়েছে, যার মধ্যে অন্যতম হলো আওয়ামী লীগের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার। সংস্থাগুলোর মতে, গণতান্ত্রিক স্বাধীনতা ও বহুদলীয় রাজনীতির স্বার্থে কোনো রাজনৈতিক দল নিষিদ্ধ থাকা উচিত নয়। জাতিসংঘের ফেব্রুয়ারি ২০২৫ সালের প্রতিবেদনের উদ্ধৃতি দিয়ে তারা বলেছে, “গণতান্ত্রিক পুনঃপ্রতিষ্ঠার স্বার্থে রাজনৈতিক দল নিষিদ্ধ করা থেকে বিরত থাকতে হবে।” তারা আরও মনে করে, আওয়ামী লীগের মতো ঐতিহাসিক রাজনৈতিক সংগঠনকে রাজনীতি থেকে দূরে রাখলে রাজনৈতিক স্থিতিশীলতা নষ্ট হবে এবং সমাজে নতুন ধরনের বিভাজন তৈরি হবে।

চিঠিতে আরও বলা হয়, পূর্ববর্তী সরকারের আমলে সংঘটিত গুরুতর মানবাধিকার লঙ্ঘনের বিচারের উদ্যোগ নেওয়ার পাশাপাশি এখন চলমান নির্বিচার গ্রেপ্তার ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মামলাগুলোও বন্ধ করা জরুরি। এতে নিরাপত্তা খাতে সংস্কার, র‌্যাব বিলুপ্তি, গুম প্রতিরোধ আইন প্রণয়ন, জাতীয় মানবাধিকার কমিশনের পুনর্গঠন, মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিত করা, রাজনৈতিক মামলার পুনর্বিবেচনা, রোহিঙ্গা শরণার্থীদের সুরক্ষা এবং আন্তর্জাতিক অপরাধ আদালতের সঙ্গে সহযোগিতা বৃদ্ধির মতো বিষয়গুলোও অন্তর্ভুক্ত রয়েছে।

সংস্থাগুলো বলেছে, বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়া পুনর্গঠনের জন্য প্রয়োজন সব রাজনৈতিক দলের অংশগ্রহণ নিশ্চিত করা। আওয়ামী লীগের ওপর নিষেধাজ্ঞা রেখে অন্তর্ভুক্তিমূলক নির্বাচন সম্ভব নয়। দেশের স্থিতিশীলতা ও ন্যায়বিচার নিশ্চিত করতে হলে রাজনৈতিক প্রতিশোধ নয়, বরং পুনর্মিলনের সংস্কৃতি গড়ে তুলতে হবে।

চিঠিটি প্রকাশের পর রাজনৈতিক বিশ্লেষক ও মানবাধিকার বিশেষজ্ঞরা একে বাংলাদেশের জন্য ইতিবাচক বার্তা হিসেবে দেখছেন। তাদের মতে, দেশের ইতিহাস, মুক্তিযুদ্ধের নেতৃত্ব ও উন্নয়ন অর্জনে আওয়ামী লীগের অবদানকে আন্তর্জাতিক মহল যে পুনর্মূল্যায়ন করছে, তা গণতন্ত্রের জন্য শুভ লক্ষণ।

আন্তর্জাতিক পর্যবেক্ষকরা মনে করেন, যে দল স্বাধীনতা আন্দোলনের নেতৃত্ব দিয়েছে এবং দেশকে উন্নয়নের পথে নিয়ে এসেছে, তাকে নিষিদ্ধ করা গণতান্ত্রিক আদর্শের পরিপন্থী। ফলে ছয় মানবাধিকার সংস্থার এই আহ্বান প্রমাণ করে যে, গণতন্ত্রের পূর্ণ বিকাশ ও রাজনৈতিক ভারসাম্য ফিরিয়ে আনতে আওয়ামী লীগের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার এখন সময়ের দাবি।

বিশ্লেষকরা বলছেন, এই উদ্যোগ কেবল আওয়ামী লীগের জন্য নয়, বরং বাংলাদেশের রাজনীতি, মানবাধিকার এবং ভবিষ্যৎ গণতন্ত্রের জন্যও একটি গুরুত্বপূর্ণ মোড় ঘুরিয়ে দিতে পারে।

ন‍্যাশনিক্স/একেএ

আরও নিবন্ধ

সর্বশেষ সংবাদ