নির্বাচন কমিশন দেশ থেকে পালানোর জায়গা পাবে না: সরোয়ার তুষার

অবশ্যই পরুন

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার অভিযোগ করেছেন, ইলেকশন কমিশন (ইসি) ইচ্ছাকৃতভাবে তাদের প্রার্থিত ‘শাপলা ফুল’ প্রতীক দিচ্ছে না। তিনি বলেন, প্রতিদিন ইসি আমাদের জানাচ্ছে যে, শাপলা প্রতীক দেওয়া যাবে না। কারণ জানতে চাইলে তারা কোনো যৌক্তিক উত্তর দিতে পারছে না। বরং বলছে, শাপলা নাকি জাতীয় প্রতীক অথচ এটা কোনোভাবেই সংবিধানে জাতীয় প্রতীক হিসেবে নেই।

তুষার জানান, ইসিকে যুক্তিসহ প্রমাণ দেখানো হলেও তারা বিষয়টি ব্যাখ্যা করতে রাজি নয়। উল্টোভাবে তাদের সামনে খাট, পালঙ্ক, চেয়ার, টেবিলের মতো প্রতীক প্রস্তাব করছে।

সম্প্রতি স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা শিক্ষক ঐক্যজোটের আন্দোলনে সংহতি জানাতে গিয়ে তিনি বলেন, “শাপলা ফুল বাংলাদেশের মানুষের হৃদয়ের প্রতীক, ভালোবাসার প্রতীক। আমরা এই প্রতীক চাই কারণ এটা বাংলাদেশের মানুষকে প্রতিনিধিত্ব করে।”

তিনি আরও বলেন, “ইলেকশন কমিশন যদি সুষ্ঠু নির্বাচন চায়, তাহলে জাতীয় নাগরিক পার্টির প্রতি অন্যায় আচরণ বন্ধ করতে হবে। তাদের বর্তমান আচরণ দেখে মনে হচ্ছে, আসন্ন নির্বাচনের সবচেয়ে বড় বাধা নিজেরাই ইসি।”

তুষারের অভিযোগ, অদৃশ্য শক্তির ইঙ্গিতে ইসি জাতীয় নাগরিক পার্টিকে নির্বাচনের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করছে। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, “জাতীয় নাগরিক পার্টিকে শাপলা প্রতীক না দিলে ইলেকশন কমিশনের বাংলাদেশে পালানোর জায়গা থাকবে না।”

আরও নিবন্ধ

সর্বশেষ সংবাদ