কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের (কউক) চেয়ারম্যান পদে প্রকৌশলী মোহাম্মদ জসিম উদ্দিনকে নিয়োগ দিয়েছে সরকার। বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ নিয়োগের তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ আইন, ২০১৬ অনুযায়ী তাকে চুক্তিভিত্তিকভাবে চেয়ারম্যান (গ্রেড-২) পদে নিয়োগ দেওয়া হয়েছে। দায়িত্ব গ্রহণের তারিখ থেকে এক বছরের জন্য তিনি এ পদে দায়িত্ব পালন করবেন।
নিয়োগের শর্তে উল্লেখ করা হয়েছে, দায়িত্ব গ্রহণের আগে তাকে অন্য যেকোনো পেশা, ব্যবসা বা সরকারি, আধা-সরকারি এবং বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে বিদ্যমান কর্ম-সম্পর্ক ত্যাগ করতে হবে।
কক্সবাজারের পেকুয়া উপজেলার বাসিন্দা জসিম উদ্দিন পেশাগত জীবনে একজন প্রকৌশলী হিসেবে দায়িত্ব পালন করেছেন। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় থেকে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক সম্পন্ন করার পর তিনি ১৯৮৪ সালে ইস্টার্ন রিফাইনারিতে কর্মজীবন শুরু করেন। দীর্ঘ চাকরি জীবনের পর ২০২০ সালে অবসরে যান।
স্থানীয়ভাবে তিনি স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদের স্কুলজীবনের বন্ধু হিসেবে পরিচিত। পারিবারিক সূত্রে জানা গেছে, তার পরিবারের সদস্যদের মধ্যে চিকিৎসা পেশার সঙ্গে যুক্ত ব্যক্তিও রয়েছেন।
ন্যাশনিক্স/এলকে
