বৃহত্তর যশোরের মুজিব বাহিনীর প্রধান আলী হোসেন মনির মারা গেছেন

অবশ্যই পরুন

বৃহত্তর যশোর অঞ্চলের মুক্তিযুদ্ধের সংগঠক এবং ‘মুজিব বাহিনী’র অন্যতম নেতা আলী হোসেন মনি মারা গেছেন। শুক্রবার ভোরে যশোর জেনারেল হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮১ বছর।

পরিবার ও হাসপাতাল সূত্রে জানা যায়, বেশ কিছুদিন ধরে তিনি হৃদরোগ, কিডনি জটিলতা, শ্বাসকষ্ট এবং বার্ধক্যজনিত বিভিন্ন সমস্যায় ভুগছিলেন। অসুস্থ হয়ে পড়লে তাকে প্রথমে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকার একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়েছিল। শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হলে যশোরে ফিরিয়ে আনা হয়। তবে পুনরায় অসুস্থ হয়ে পড়লে তাকে আবার হাসপাতালে ভর্তি করা হয় এবং পরবর্তীতে আইসিইউতে স্থানান্তর করা হয়।

স্বজনরা জানান, তার সহধর্মিণী ও একমাত্র ছেলে আগেই মৃত্যুবরণ করেছেন। বর্তমানে তার একমাত্র মেয়ে বিদেশ থেকে দেশে এসে বাবার চিকিৎসার দেখভাল করছিলেন।

পরিবারের সিদ্ধান্ত অনুযায়ী, জানাজা শেষে যশোর সদর উপজেলার কাজীপুরে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।

মুক্তিযুদ্ধের সহযোদ্ধা ও স্থানীয় নেতারা জানান, আলী হোসেন মনি ছাত্রজীবন থেকেই রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন। ষাটের দশকে বিভিন্ন গণআন্দোলনে ভূমিকা রাখার পাশাপাশি ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে অংশ নেন। প্রশিক্ষণ শেষে বৃহত্তর যশোর অঞ্চলে মুক্তিযুদ্ধে সক্রিয়ভাবে দায়িত্ব পালন করেন।

স্বাধীনতার পর তিনি জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ)-এর রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন এবং পরবর্তী সময়ে আওয়ামী লীগের কর্মকাণ্ডেও সম্পৃক্ত হন। দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক কর্মকাণ্ডে অংশ নেন।

তার মৃত্যুতে মুক্তিযোদ্ধা, রাজনৈতিক নেতা এবং বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধিরা গভীর শোক প্রকাশ করেছেন।

ন্যাশনিক্স/এলকে

আরও নিবন্ধ

সর্বশেষ সংবাদ