বাংলাদেশ ছাত্রলীগ ঘোষিত আগামী ১০ নভেম্বরের দেশব্যাপী সর্বাত্মক ধর্মঘট কর্মসূচির প্রতি পূর্ণ সংহতি প্রকাশ করেছে বাংলাদেশ আওয়ামী যুবলীগ। একই সঙ্গে ছাত্রলীগের উত্থাপিত আট দফা দাবির প্রতিও সমর্থন জানিয়েছে সংগঠনটি।
এক যৌথ বিবৃতিতে যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ ও সাধারণ সম্পাদক, সাবেক সংসদ সদস্য আলহাজ্ব মো. মাইনুল হোসেন খান নিখিল এ সংহতি প্রকাশ করেন।
বিবৃতিতে নেতৃদ্বয় বলেন, বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম, গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা এবং জাতীয় সংকট উত্তরণে ছাত্রসমাজের ঐতিহাসিক ভূমিকা রয়েছে। বাংলাদেশ ছাত্রলীগ সেই ঐতিহাসিক উত্তরাধিকার ও সংগ্রামী চেতনাকে ধারণ করে বর্তমান সময়ে শিক্ষার্থী ও জনগণের অধিকারসংশ্লিষ্ট দাবিগুলো তুলে ধরেছে।
ছাত্রলীগের আট দফা দাবির মধ্যে রয়েছে বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার বিরুদ্ধে কথিত প্রতিহিংসামূলক ও অবৈধ বিচারিক কার্যক্রম বন্ধ, রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহার ও রাজবন্দিদের মুক্তি, আওয়ামী লীগ ও ছাত্রলীগের ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহার, শিক্ষাপ্রতিষ্ঠানে স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনা, নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য হ্রাস এবং শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিত করা।
এ ছাড়া সরকারি চাকরিতে রাজনৈতিক বৈষম্য ও হয়রানি বন্ধ, জনপ্রশাসন ও সরকারি কর্ম কমিশনের নিরপেক্ষতা প্রতিষ্ঠা, শিক্ষাখাতে জিডিপির ৬ শতাংশ বরাদ্দ এবং সন্ত্রাস, জঙ্গিবাদ, মৌলবাদ ও সাম্প্রদায়িকতামুক্ত শিক্ষাঙ্গন গড়ে তোলার দাবিও রয়েছে।
বিবৃতিতে যুবলীগ নেতারা বলেন, একটি রাষ্ট্রের প্রকৃত শক্তি নিহিত থাকে জনগণের অধিকার, গণতান্ত্রিক প্রতিষ্ঠানের কার্যকারিতা, শিক্ষার অবাধ পরিবেশ, শ্রমজীবী মানুষের মর্যাদা ও আইনের শাসনের মধ্যে। নাগরিকের সাংবিধানিক অধিকার, ন্যায়বিচার ও মানবিক মর্যাদা নিশ্চিত করা রাষ্ট্রের মৌলিক দায়িত্ব।
তারা আরও জানান, ছাত্রলীগ ঘোষিত কর্মসূচি সফল করতে বাংলাদেশ আওয়ামী যুবলীগ সর্বাত্মক সহযোগিতা করবে। পাশাপাশি ছাত্রসমাজ, তরুণ প্রজন্ম, শ্রমজীবী মানুষ, পেশাজীবীসহ সর্বস্তরের নাগরিকদের কর্মসূচির প্রতি সংহতি প্রকাশ এবং শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও দায়িত্বশীলভাবে অংশগ্রহণের আহ্বান জানান।
বিবৃতির শেষাংশে নেতৃদ্বয় বলেন, জনগণের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার সংগ্রাম কখনো বৃথা যায় না। গণতন্ত্র, স্বাধীনতা, সার্বভৌমত্ব, শিক্ষা ও মানুষের মর্যাদা রক্ষায় ঐক্যবদ্ধ জনসম্পৃক্ততা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
প্রেস বিজ্ঞপ্তিটি পাঠিয়েছেন যুবলীগের উপ-দপ্তর সম্পাদক মো. দেলোয়ার হোসেন শাহজাদা।
