সিলেট মহানগর ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা এবং আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার দেশে প্রত্যাবর্তনকে স্বাগত জানিয়ে সিলেটে আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
সিলেট মহানগর ছাত্রলীগের উদ্যোগে আয়োজিত এ মিছিলে নগরীর বিভিন্ন ইউনিটের ছাত্রলীগের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। মিছিলটির নেতৃত্ব ও সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সিলেট মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাঈম আহমেদ।
মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাঈম আহমেদ বলেন, সিলেট মহানগর ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণায় নেতাকর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি হয়েছে। একই সঙ্গে শেখ হাসিনার দেশে প্রত্যাবর্তনের ঘোষণাকে স্বাগত জানিয়ে ছাত্রলীগের নেতাকর্মীরা আনন্দ মিছিল করেছেন।
তিনি আরও বলেন, শেখ হাসিনার নেতৃত্বে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলনে ছাত্রলীগ অতীতের মতো ভবিষ্যতেও রাজপথে অগ্রণী ভূমিকা পালন করবে। শেখ হাসিনার বিশ্বস্ত অগ্রবর্তী শক্তি হিসেবে ছাত্রলীগ অতীতেও পাশে ছিল, আগামী দিনেও থাকবে।
নেতাকর্মীদের গ্রেপ্তার ও দমন-পীড়নের মাধ্যমে ছাত্রলীগকে দমিয়ে রাখা যাবে না উল্লেখ করে তিনি বলেন, আগামী দিনেও সিলেট মহানগরীতে এ ধরনের আরও কর্মসূচি ও মিছিল অনুষ্ঠিত হবে।
