৭ নভেম্বরকে কেন্দ্র করে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে দীর্ঘদিন ধরেই বিতর্ক চলে আসছে। বিএনপি দিনটিকে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ হিসেবে পালন করলেও সমালোচকদের মতে, ১৯৭৫ সালের ৭ নভেম্বরের ঘটনাপ্রবাহ ছিল মুক্তিযুদ্ধের পক্ষের সামরিক কর্মকর্তাদের হত্যা, রাজনৈতিক মেরুকরণ এবং ক্ষমতা সংহত করার এক কলঙ্কজনক অধ্যায়।
বামপন্থী কয়েকটি রাজনৈতিক দলও দিনটিকে ‘সিপাহী বিপ্লব’ হিসেবে অভিহিত করে আসছে। তবে সমালোচকদের অভিযোগ, জিয়াউর রহমানের রাজনৈতিক কৌশলের সঙ্গে যুক্ত হয়ে কর্নেল আবু তাহের ও তাঁর সহযোগীরা যে অবস্থান নিয়েছিলেন, তার পরিণতি শেষ পর্যন্ত তাঁদের নিজেদের জীবন দিয়েই দিতে হয়েছিল। পরবর্তী সময়ে জিয়াউর রহমানের শাসনামলে কর্নেল তাহেরের মৃত্যুদণ্ড কার্যকর হওয়াকে সেই রাজনৈতিক দ্বন্দ্বের নির্মম পরিণতি হিসেবে দেখা হয়।
অন্যদিকে, ৭ নভেম্বরের ঘটনাপ্রবাহকে কাজে লাগিয়ে জিয়াউর রহমান নিজের রাজনৈতিক ও সামরিক অবস্থান সুসংহত করেন বলে সমালোচকদের দাবি। তাঁদের মতে, ওই সময় মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী সামরিক কর্মকর্তাদের হত্যা এবং পরবর্তী সময়ে সামরিক বাহিনীতে ব্যাপক রদবদল দেশের রাজনৈতিক ও সামরিক কাঠামোয় গভীর প্রভাব ফেলে। একই সঙ্গে মুক্তিযোদ্ধা সামরিক কর্মকর্তাদের হত্যাকাণ্ডের বিচারপ্রক্রিয়া বাধাগ্রস্ত করার অভিযোগও রয়েছে তাঁর শাসনামলের বিরুদ্ধে।
সমালোচকদের মতে, ৭ নভেম্বরের ঘটনাকে ‘জাতীয় সংহতি ও বিপ্লব দিবস’ হিসেবে রাজনৈতিকভাবে প্রতিষ্ঠার মধ্য দিয়ে এর প্রকৃত ঐতিহাসিক প্রেক্ষাপট আড়াল করার চেষ্টা করা হয়েছে। পরবর্তী সময়ে বিএনপি ও জামায়াতসহ বিভিন্ন রাজনৈতিক পক্ষ দিনটিকে নিজেদের রাজনৈতিক বয়ানের অংশ হিসেবে ব্যবহার করেছে।
তবে ১৯৭৫ সালের ৭ নভেম্বরের ঘটনাকে কেবল ‘বিপ্লব’ হিসেবে মূল্যায়ন করলে ওই সময়ের হত্যাকাণ্ড, সামরিক বাহিনীর অভ্যন্তরীণ সংঘাত এবং মুক্তিযুদ্ধের সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তাদের পরিণতির গুরুত্বপূর্ণ অধ্যায়গুলো আড়ালে থেকে যায়। সমালোচকদের দৃষ্টিতে, এটি কোনো উদ্যাপনের দিন নয়; বরং বাংলাদেশের ইতিহাসের একটি শোকাবহ ও কলঙ্কজনক অধ্যায়।
