মুন্সিগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে জাহেদ বেপারী (৫০) নামে এক আওয়ামী লীগকর্মীকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে বিএনপির সন্ত্রাসীদের বিরুদ্ধে। বুধবার (৪ নভেম্বর) রাত পৌনে ১০টার দিকে সদর উপজেলার চরকেওয়ার ইউনিয়নের ভিটিহোগলা গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতের পরিবারের অভিযোগ, বিএনপির সন্ত্রাসীরা বাড়ি থেকে ডেকে নিয়ে জাহেদ বেপারীকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে।
বাবার এমন নির্মম হত্যাকাণ্ডের বিচার চেয়ে কান্নায় ভেঙে পড়েছেন নিহতের তিন মেয়ে। নিহতের বড় মেয়ে ফারিয়া আক্তার বলেন, ‘তিন বোনের সামনে আমার বাবাকে কুপিয়ে রক্তাক্ত করা হয়েছে। আমরা তিন বোন চিরদিনের জন্য এতিম হয়ে গেলাম। চোখের সামনে বাবাকে কুপিয়ে মারতে দেখেছে আমার প্রতিবন্ধী বোন মারিয়া ও ছোট বোন ইমা। আমরা এই স্মৃতি কীভাবে ভুলব? এই ঘটনার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।’
বাবার হত্যাকাণ্ডের ঘটনায় শোকস্তব্ধ পরিবারটি। স্বজনদের দাবি, এ নৃশংস ঘটনার সঙ্গে জড়িত বিএনপির সন্ত্রাসীদের দ্রুত শনাক্ত করে গ্রেপ্তার করতে হবে এবং দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।
