ইতিহাসের আয়নায় ক্ষমতা, দমন-পীড়ন ও রক্তাক্ত রাজনৈতিক উত্তরাধিকার
বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে জিয়া পরিবারকে ঘিরে ক্ষমতা, সামরিক শাসন, রাজনৈতিক সহিংসতা এবং রাষ্ট্রীয় দমন-পীড়নের বহু বিতর্কিত অধ্যায় রয়েছে। এই ইতিহাসের দিকে তাকালে একটি প্রশ্ন সামনে আসে ক্ষমতার রাজনীতিতে সাধারণ মানুষ, মুক্তিযুদ্ধের সৈনিক, কৃষক, শ্রমিক ও রাজনৈতিক কর্মীদের জীবনের মূল্য কতটুকু?
জিয়াউর রহমান, খালেদা জিয়া এবং তারেক রহমান-তিন প্রজন্মের রাজনৈতিক ইতিহাসে বিভিন্ন সময়ে সংঘটিত হত্যাকাণ্ড, বিচারবহির্ভূত হত্যার অভিযোগ, রাজনৈতিক সহিংসতা এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রাণঘাতী বলপ্রয়োগ নিয়ে নতুন করে পর্যালোচনা প্রয়োজন।
জিয়াউর রহমান: মুক্তিযুদ্ধের সৈনিকদের রক্তে রঞ্জিত এক অধ্যায়
১৯৭৫ সালের রাজনৈতিক পটপরিবর্তনের পর বাংলাদেশের রাষ্ট্রক্ষমতায় সামরিক বাহিনীর প্রভাব প্রতিষ্ঠিত হয়। পরবর্তী সময়ে জিয়াউর রহমান ক্ষমতার কেন্দ্রে অধিষ্ঠিত হন। তাঁর শাসনামলের সবচেয়ে অন্ধকার ও বিতর্কিত অধ্যায়গুলোর একটি হলো ১৯৭৭ সালের সামরিক বিদ্রোহের পর সংঘটিত ব্যাপক মৃত্যুদণ্ড।
১৯৭৭ সালের ২ অক্টোবর বিমানবাহিনীর একাংশের বিদ্রোহের পর সামরিক আদালতে বিচার পরিচালনা করে বহু সামরিক সদস্যকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। ১৯৮৮ সালে প্রকাশিত বিমানবাহিনীর একটি সরকারি ইতিহাসবিষয়ক বিবরণে ৫৬১ জন বিমানসেনার ফাঁসির তথ্য উল্লেখ করা হয়েছিল। অন্যদিকে বিভিন্ন ঐতিহাসিক ও গবেষণামূলক আলোচনায় মৃত্যুদণ্ড কার্যকরের সংখ্যা আরও বেশি বলে দাবি করা হয়েছে।
এখানে একটি ঐতিহাসিক সত্য মনে রাখা প্রয়োজন সেই সামরিক সদস্যদের সবাইকে একই ধরনের অপরাধে অভিযুক্ত করা হয়নি এবং তাঁদের প্রত্যেকের বিচারপ্রক্রিয়ার স্বচ্ছতা নিয়েও গুরুতর প্রশ্ন রয়েছে। জিয়াউর রহমান তার একক সিদ্ধান্তে প্রতিহিংসাবশত, ক্ষমতায় টিকে থাকার কৌশল হিসেবে নৃশংসভাবে তাদের হত্যা করে।
একটি স্বাধীন দেশের সামরিক সদস্যদের বিরুদ্ধে বিদ্রোহের অভিযোগ থাকলেও তাঁদের ন্যায়বিচার, আত্মপক্ষ সমর্থনের সুযোগ এবং স্বচ্ছ বিচারপ্রক্রিয়া নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। কিন্তু জিয়ার শাসনামলের সামরিক বিচার ও মৃত্যুদণ্ডের ইতিহাস আজও মানবাধিকার ও আইনের শাসন নিয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্থাপন করে। এখানে মানবাধিকার চরমভাবে লঙ্ঘিত হয়েছিল।
জিয়ার শাসনামলে রাজনৈতিক বিরোধীদের দমন, সামরিক বাহিনীর অভ্যন্তরীণ শুদ্ধি অভিযান এবং একের পর এক অভ্যুত্থানচেষ্টার পরিণতি নিয়েও ইতিহাসবিদদের মধ্যে বিতর্ক রয়েছে। ১৯৭৫ থেকে ১৯৮১ সালের রাজনৈতিক অস্থিরতার ইতিহাস পর্যালোচনা করলে বোঝা যায়, রাষ্ট্রীয় ক্ষমতার দ্বন্দ্বে সামরিক সদস্যদের জীবন কীভাবে বিপন্ন হয়েছিল। তার হত্যাকাণ্ডের ধারাবাহিকতা ধরে রেখেছিল খালেদা জিয়াও।
খালেদা জিয়া: কৃষকের রক্ত, রাজনৈতিক কর্মীর রক্ত এবং জঙ্গিবাদের উত্থান
জিয়াউর রহমানের মৃত্যুর পর তাঁর রাজনৈতিক উত্তরাধিকার বহন করে বিএনপির নেতৃত্বে আসেন খালেদা জিয়া। ১৯৯১ সালে ক্ষমতায় আসার পর তাঁর সরকারের শাসনামলেও বিভিন্ন রাজনৈতিক সংঘাত, পুলিশি দমন-পীড়ন ও প্রাণহানির ঘটনা ঘটে।
কৃষকের ন্যায্য দাবি এবং বিদ্যুতের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে রাষ্ট্রীয় বাহিনীর গুলিতে প্রাণহানির ঘটনা বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে বিশেষভাবে স্মরণীয়।
১৯৯৫ সালের ১৫ মার্চ নওগাঁর সাপাহাড়ে কৃষকরা ন্যায্যমূল্যে সারের দাবিতে বড় সমাবেশ করেন পরিস্থিতি উত্তপ্ত হলে আইনশৃঙ্খলা বাহিনী সরাসরি প্রাণঘাতের গুলি চালায়। এতে ১৮ জন কৃষক নির্মমভাবে হত্যাকাণ্ডের শিকার হন। এর বাইরে গাইবান্ধায় অন্তত ৬ জন, জামালপুরে ২ জন, নেত্রকোণা ও টাঙ্গাইলে ১ জন করে কৃষক নিহত হন। মারাত্মকভাবে আহত হয় শত শত কৃষক। বাংলাদেশের আন্দোলনের অন্যতম জঘন্যতম ঘটনা এটি। নৃশংসভাবে সাধারণ কৃষককে হত্যা করেছিল তারা।
কানসাট: বিদ্যুতের দাবিতে রক্তাক্ত জনপদ
চাঁপাইনবাবগঞ্জের কানসাটে বিদ্যুৎ সরবরাহের দাবিতে স্থানীয় জনগণের আন্দোলন ২০০৬ সালে ভয়াবহ রূপ নেয়।
২০০৬ সালের ৪ জানুয়ারি পুলিশের গুলিতে ২ জন নিহত হন। পরবর্তী সময়ে ২৩ জানুয়ারি পুলিশের গুলিতে আরও ৭ জনের মৃত্যুর খবর প্রকাশিত হয়। একই বছরের এপ্রিলে আন্দোলন দমনে পুলিশের গুলিতে আরও বহু মানুষের প্রাণহানি ঘটে। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ১২ এপ্রিল ২০০৬-এর বিবৃতিতে জানায়, জানুয়ারি থেকে বিদ্যুৎ আন্দোলনে অন্তত ২০ জন নিহত হয়েছেন।
যে কৃষক, শ্রমিক ও সাধারণ মানুষ বিদ্যুতের দাবিতে রাস্তায় নেমেছিলেন, তাঁদের দাবির রাজনৈতিক সমাধান না করে প্রাণঘাতী বলপ্রয়োগের আশ্রয় নেওয়া হয়েছিল।
এটি খালেদা জিয়ার দ্বিতীয় মেয়াদের শাসনামলে সংঘটিত একটি গুরুতর মানবাধিকার-সংক্রান্ত অধ্যায়।
২০০১ সালের পর: সংখ্যালঘু নির্যাতন ও রাজনৈতিক সহিংসতা
২০০১ সালের নির্বাচনের পর দেশের বিভিন্ন অঞ্চলে রাজনৈতিক প্রতিপক্ষ ও ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের ওপর হামলা, নির্যাতন, ধর্ষণ, বাড়িঘরে অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনা ঘটে।
বিভিন্ন মানবাধিকার সংস্থা ও দেশি-বিদেশি সংবাদমাধ্যম এসব ঘটনার বিবরণ প্রকাশ করে। রাষ্ট্রের দায়িত্ব ছিল প্রত্যেক নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করা। কিন্তু বহু ঘটনায় ভুক্তভোগীরা যথাযথ বিচার ও সুরক্ষা পাননি।
২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত রাজনৈতিক সহিংসতা, জঙ্গিবাদের বিস্তার এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিরুদ্ধে বিচারবহির্ভূত হত্যার অভিযোগ বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতিকে আজও গভীরভাবে প্রশ্নবিদ্ধ করে।
বাংলা ভাই ও জঙ্গিবাদের উত্থান: রাষ্ট্রের ব্যর্থতার ভয়াবহ পরিণতি
খালেদা জিয়ার দ্বিতীয় মেয়াদে উত্তরাঞ্চলে জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদিন বাংলাদেশ (জেএমবি) এবং বাংলা ভাইয়ের নেতৃত্বাধীন জাগ্রত মুসলিম জনতা বাংলাদেশ (জেএমজেবি) আলোচনায় আসে।
২০০৪ থেকে ২০০৫ সালের মধ্যে রাজশাহী অঞ্চলে বাংলা ভাইয়ের বাহিনীর বিরুদ্ধে মানুষ হত্যা, নির্যাতন, অপহরণ ও সন্ত্রাসী কর্মকাণ্ডের বহু অভিযোগ ওঠে।
রাষ্ট্রীয় প্রশাসনের ভূমিকা নিয়েও প্রশ্ন ওঠে। বাংলা ভাইয়ের তৎপরতার বিরুদ্ধে স্থানীয় জনগণ ও সংবাদমাধ্যমের প্রতিবেদন সত্ত্বেও জঙ্গিবাদ দমনে সরকারের কার্যকর ভূমিকা নিয়ে তীব্র সমালোচনা তৈরি হয়।
পরবর্তী সময়ে জেএমবির শীর্ষ নেতা শেখ আবদুর রহমান ও সিদ্দিকুল ইসলাম ওরফে বাংলা ভাই গ্রেপ্তার হন এবং ২০০৭ সালে মৃত্যুদণ্ড কার্যকর হয়।
একটি রাষ্ট্রে কীভাবে উগ্রবাদী সংগঠন এত বিস্তৃত সাংগঠনিক শক্তি অর্জন করতে পারে, সেটি খালেদা জিয়ার সরকারের শাসনামল মূল্যায়নের অন্যতম গুরুত্বপূর্ণ প্রশ্ন।
২১ আগস্ট ২০০৪: বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের ভয়াবহতম গ্রেনেড হামলাগুলোর একটি
২০০৪ সালের ২১ আগস্ট ঢাকার বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের সমাবেশে ভয়াবহ গ্রেনেড হামলা চালানো হয়।
সেদিনের হামলায় ২৪ জন নিহত হন। নিহতদের মধ্যে ছিলেন আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক আইভি রহমান। আহত হন কয়েকশ মানুষ।
লক্ষ্য ছিলেন তৎকালীন বিরোধীদলীয় নেতা বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা।
এই হত্যাযজ্ঞ শুধু একটি রাজনৈতিক দলের ওপর হামলা ছিল না; এটি ছিল বাংলাদেশের গণতান্ত্রিক রাজনৈতিক পরিসর, রাজনৈতিক নেতৃত্ব এবং মতপ্রকাশের স্বাধীনতার ওপর এক ভয়াবহ আঘাত।
তৎকালীন বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে হামলার তদন্ত ও বিচারপ্রক্রিয়া নিয়ে গুরুতর বিতর্ক সৃষ্টি হয়।
১৭ আগস্ট ২০০৫: ৬৩ জেলায় একযোগে সিরিজ বোমা হামলা
২০০৫ সালের ১৭ আগস্ট বাংলাদেশের ইতিহাসে আরেকটি ভয়াবহ দিন।
নিষিদ্ধ জঙ্গি সংগঠন জেএমবি দেশের ৬৩টি জেলায় প্রায় একই সময়ে ৪৫৯টি বোমা বিস্ফোরণ ঘটায়। মাত্র ৩০ মিনিটের ব্যবধানে সংঘটিত এই হামলায় ৫ জন নিহত এবং শতাধিক মানুষ আহত হন।
দেশের আদালত, সরকারি প্রতিষ্ঠান ও গুরুত্বপূর্ণ স্থাপনাকে লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছিল।
একটি রাষ্ট্রের গোয়েন্দা সংস্থা, প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী থাকা সত্ত্বেও কীভাবে একটি জঙ্গি সংগঠন প্রায় সমগ্র দেশে একই সময়ে এমন সমন্বিত হামলা পরিচালনা করতে সক্ষম হলো?
এই প্রশ্নের রাজনৈতিক দায় তৎকালীন সরকারের এড়ানোর সুযোগ নেই।
২০০৫ সালের ২৭ জানুয়ারি: শাহ এ এম এস কিবরিয়া হত্যাকাণ্ড
সাবেক অর্থমন্ত্রী ও আওয়ামী লীগ নেতা শাহ এ এম এস কিবরিয়া ২০০৫ সালের ২৭ জানুয়ারি হবিগঞ্জের বৈদ্যেরবাজারে এক রাজনৈতিক সমাবেশ শেষে গ্রেনেড হামলায় নিহত হন।
এই হামলায় আরও চারজন প্রাণ হারান এবং বহু মানুষ আহত হন।
একজন সাবেক অর্থমন্ত্রী ও জাতীয় পর্যায়ের রাজনৈতিক নেতার হত্যাকাণ্ড তৎকালীন সরকারের আইনশৃঙ্খলা পরিস্থিতি ও রাজনৈতিক নিরাপত্তার ব্যর্থতাকে সামনে নিয়ে আসে।
তারেক রহমান: রাজনৈতিক উত্তরাধিকারের নতুন প্রশ্ন
জিয়াউর রহমান ও খালেদা জিয়ার পর বিএনপির নেতৃত্বে তারেক রহমানের উত্থান বাংলাদেশের রাজনীতিতে নতুন করে চান্দাবাজ, দেশধ্বংসকারী, শ্রমিক হত্যাকারী অধ্যায়ের সূচনা করেছে।
পোশাকশ্রমিকরা বাংলাদেশের অর্থনীতির অন্যতম প্রধান চালিকাশক্তি। তাঁদের ন্যায্য মজুরি, নিরাপদ কর্মপরিবেশ এবং শ্রমিক অধিকার প্রতিষ্ঠার দাবিতে আন্দোলন করার অধিকার রয়েছে।
শ্রমিক আন্দোলনে পুলিশের গুলিতে প্রাণহানি কিংবা অন্য কোনো ধরনের প্রাণঘাতী দমন-পীড়ন ঘটলে তার নিরপেক্ষ তদন্ত এবং দায়ীদের জবাবদিহি নিশ্চিত করতে হবে। ইতোমধ্যে পুলিশের গুলিতে এবং বিএনপির সন্ত্রাসীদের বর্বরতম হামলায় ২ জন পোষাক শ্রমিক হত্যাকাণ্ডের শিকার হয়েছে। আহত হয়েছে হাজার হাজার নিরীহ পুরুষ এবং মহিলা শ্রমিক। শ্রমিক হত্যার দায় তারেক রহমান এড়াতে পারে না।
আজ সারাদেশে লাশ আর লাশ। নারী-শিশু ধর্ষণ ও হত্যাকাণ্ডের শিকার, বলাৎকারের শিকার, হামে হামে হাজারের অধিক শিশুর মৃত্যু, ডেঙ্গুতে শত শত মানুষের মৃত্যু। তারেক রহমান ও নির্ভার কেন? তাহলে মানুষ হত্যা, দেশ ধ্বংস করাই কি তার প্ল্যান?
তবে একটি বিষয় পরিষ্কার কোনো রাজনৈতিক দলের সরকারই শ্রমিকের রক্তের বিনিময়ে ক্ষমতা পরিচালনার অধিকার রাখে না।
একই প্রশ্ন, একই জবাবদিহি
ইতিহাসের প্রতিটি হত্যাকাণ্ডের বিচার হওয়া প্রয়োজন। জিয়ার শাসনামলের সামরিক মৃত্যুদণ্ড, খালেদা জিয়ার আমলের কানসাটের হত্যাকাণ্ড, ২১ আগস্টের গ্রেনেড হামলা, কিবরিয়া হত্যাকাণ্ড, জঙ্গিবাদের উত্থান কিংবা শ্রমিক আন্দোলনে প্রাণহানি প্রতিটি ঘটনার পৃথক ঐতিহাসিক ও আইনগত প্রেক্ষাপট রয়েছে।
কোনো একটি দলের রাজনৈতিক পরিচয় অপরাধের দায় থেকে কাউকে মুক্তি দিতে পারে না। আবার রাজনৈতিক প্রতিপক্ষের বিরুদ্ধে অভিযোগ উঠলেই প্রমাণ ছাড়াই কাউকে অপরাধী ঘোষণা করাও ন্যায়বিচার নয়।
বাংলাদেশের মানুষ আর রক্তের রাজনীতি দেখতে চায় না। কৃষকের ফসলের ন্যায্য মূল্য, শ্রমিকের ন্যায্য মজুরি, সৈনিকের জীবনের নিরাপত্তা, রাজনৈতিক কর্মীর মতপ্রকাশের স্বাধীনতা এবং প্রতিটি নাগরিকের বেঁচে থাকার অধিকার নিশ্চিত করতে হবে।
ইতিহাসের শিক্ষা একটাই ক্ষমতা চিরস্থায়ী নয়, কিন্তু ক্ষমতার অপব্যবহারে ঝরে যাওয়া মানুষের রক্তের দায় ইতিহাস কখনো ভুলে যায় না।
জিয়া, খালেদা কিংবা তারেক যেই হোন, রাষ্ট্রীয় ক্ষমতার অপব্যবহার, হত্যাকাণ্ড ও মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে প্রত্যেকের ক্ষেত্রেই একই মানদণ্ডে বিচার ও জবাবদিহি নিশ্চিত করতে হবে।
মানুষের জীবন কোনো রাজনৈতিক পরিবারের সম্পত্তি নয়। রাষ্ট্র জনগণের, ক্ষমতাও জনগণের আর জনগণের রক্তের হিসাব ইতিহাস একদিন নেবেই।
লেখক: মো: দেলোয়ার হোসেন শাহজাদা, উপ-দপ্তর সম্পাদক, বাংলাদেশ আওয়ামী যুবলীগ।
