পোশাকশ্রমিকদের নতুন ৯ দফা দাবি

অবশ্যই পরুন

পোশাকশ্রমিকদের অধিকার ও কর্মপরিবেশ নিশ্চিত করতে নতুন করে ৯ দফা দাবি উত্থাপন করেছেন শ্রমিকরা। দাবিগুলোর মধ্যে রয়েছে নিহত শ্রমিক তৌফিক হত্যার বিচার, ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণ, মাতৃত্বকালীন ছুটি ছয় মাস করা এবং শ্রমিকদের ওপর নির্যাতন ও হয়রানি বন্ধ করা।

শ্রমিকদের দাবিগুলো হলো:

১. তৌফিক হত্যার বিচার: নিহত শ্রমিক তৌফিক হত্যায় জড়িতদের আটক করে দ্রুত ও সুষ্ঠু বিচার নিশ্চিত করতে হবে। আটক ও বিচার নিয়ে কোনো ধরনের নাটক করা যাবে না।

২. বলপ্রয়োগকারীদের বিচার: শ্রমিকদের ন্যায্য আন্দোলনে বলপ্রয়োগকারী আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের শনাক্ত করে তালিকা প্রকাশ এবং তাদের বিচারের আওতায় আনতে হবে।

৩. রাজনৈতিক সন্ত্রাসীদের বিচার: শ্রমিক আন্দোলন দমনে লাঠিসোঁটা ও অস্ত্র নিয়ে রাজপথে অবস্থান নেওয়া আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বাইরের বিভিন্ন রাজনৈতিক দলের সদস্যদের শনাক্ত করে বিচারের আওতায় আনতে হবে।

৪. ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা: শ্রমিকদের ন্যূনতম মাসিক বেতন ৩০ হাজার টাকা নির্ধারণ করতে হবে। ৩০ হাজার টাকার এক টাকাও কম গ্রহণযোগ্য নয়। ১ ডিসেম্বর ২০২৬ থেকে এই মজুরি কার্যকর করতে হবে।

৫. মাতৃত্বকালীন ছুটি ছয় মাস: মাতৃত্বকালীন ছুটি ১২০ দিনের পরিবর্তে ছয় মাস করতে হবে। আগের মতো আর্থিক সুবিধা বহাল রেখে ছুটি শুরুর আগেই সম্পূর্ণ অর্থ পরিশোধ করতে হবে।

৬. ব্ল্যাকলিস্ট বন্ধ: শ্রমিকদের ব্ল্যাকলিস্ট করার প্রথা বন্ধ করতে হবে।

৭. মুনাফার ৫ শতাংশ শ্রমিকদের দিতে হবে: শ্রম আইন অনুযায়ী লভ্যাংশের ৫ শতাংশ শ্রমিকদের মধ্যে বিতরণের বিধান কার্যকর করতে হবে। রপ্তানিমুখী কারখানাগুলোকে এ বিষয়ে দেওয়া অব্যাহতি বাতিল করতে হবে। বিগত অর্থবছরের লভ্যাংশ ডিসেম্বরের বেতনের সঙ্গে পরিশোধ করতে হবে।

৮. শ্রম আইন থেকে ১৩ ধারা বাতিল: শ্রম আইন থেকে ১৩ ধারা বাতিল করতে হবে। শ্রমিকদের অভিযোগ, এই ধারার সুযোগ নিয়ে মালিকপক্ষ স্বেচ্ছাচারিতামূলকভাবে কারখানা বন্ধ করে দিতে পারে, ফলে শ্রমিকরা বেতন-ভাতা থেকে বঞ্চিত হন।

৯. টার্মিনেশন বন্ধে নতুন ব্যবস্থা: ১২০ দিনের মূল বেতনের সমপরিমাণ নোটিশ পে দিয়ে শ্রমিকদের টার্মিনেট করার বিধান বন্ধ করতে হবে। এ বিষয়ে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের মাধ্যমে সিদ্ধান্ত গ্রহণের ব্যবস্থা করতে হবে।

শ্রমিকদের দাবি, এসব দাবি বাস্তবায়নের মাধ্যমে তাঁদের ন্যায্য অধিকার, আর্থিক নিরাপত্তা ও কর্মক্ষেত্রে মর্যাদা নিশ্চিত করতে হবে।

আরও নিবন্ধ

সর্বশেষ সংবাদ