টানা দুই সপ্তাহ ধরে ঢাকার সাভার, আশুলিয়া ও গাজীপুরের শিল্পাঞ্চলে শ্রমিক অসন্তোষ চলছে। গতকাল বৃহস্পতিবারও অনেক কারখানায় শ্রমিকরা হাজিরা দিয়ে কাজ না করে বেরিয়ে যান। কর্তৃপক্ষের নানা চেষ্টা সত্ত্বেও তাদের কাজে ফেরানো যায়নি। এ পরিস্থিতিতে ২০৪টি কারখানা ছুটি ঘোষণা করা হয়েছে।
এর মধ্যে ৯টি কারখানা শ্রম আইনের ১৩(১) ধারায় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। এই ধারায় বলা আছে– ‘কাজ নেই তো বেতন নেই’, অর্থাৎ যতদিন কারখানা বন্ধ থাকবে, ততদিনের মজুরি পাবেন না শ্রমিকরা। ছুটি ঘোষণা করা ২০৪ কারখানার মধ্যে সর্বাধিক ১৩৭টিই সাভার ও আশুলিয়া শিল্পাঞ্চলের।
পরিস্থিতির উন্নতি না হলে রোববার থেকে ১৩(১) ধারায় পোশাক কারখানা বন্ধ ঘোষণার সিদ্ধান্ত নিতে পারেন অনেক মালিক। উদ্ভূত পরিস্থিতিতে শনিবার পোশাক উৎপাদন ও রপ্তানিকারক উদ্যোক্তাদের সংগঠন বিজিএমইএ বিশেষ সাধারণ সভা (ইজিএম) ডেকেছে। পরিস্থিতি বিশ্লেষণ করে সেখান থেকে পরবর্তী সিদ্ধান্ত আসতে পারে।
এদিকে শ্রমিক অসন্তোষে জড়িত নয়– এমন শিল্প গ্রুপের জব্দ করা ব্যাংক হিসাব খুলে দিতে সরকারকে অনুরোধ জানিয়েছে বিজিএমইএ।
বিজিএমইএর সভাপতি মাহমুদ হাসান খান গতকাল বলেন, দুই সপ্তাহ ধরে কারখানা বন্ধ থাকায় মালিকরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। তারা ১৩(১) ধারায় কারখানা বন্ধ করতে চান। পরিস্থিতির উন্নতি না হলে হয়তো সেদিকেই যেতে হবে। গত দুদিনে বেশ কিছু কারখানা এই ধারায় নিজেদের উদ্যোগে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে।
