সুনামগঞ্জে হাসপাতাল থেকে ছাত্রলীগ নেতা প্রিন্সের পরিবারের ৫ সদস্যসহ গ্রেপ্তার ৮

অবশ্যই পরুন

পুলিশের ওপর হামলা এবং হেফাজত থেকে আসামি ছিনিয়ে নেওয়ার চেষ্টার অভিযোগে করা মামলায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সুনামগঞ্জ সদর উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক দেওয়ান শাহনেওয়াজ চৌধুরী প্রিন্সসহ (২০) তাঁর পরিবারের সদস্য ও বন্ধুসহ আটজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (১ নভেম্বর) দুপুরে গ্রেপ্তার ব্যক্তিদের আদালতে হাজির করা হলে সাতজনকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন সুনামগঞ্জের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জসিম। অন্যদিকে, ছাত্রলীগ নেতার ১৬ বছর বয়সী ছোট বোন সাবরিনা চৌধুরী রূপকথাকে অপ্রাপ্তবয়স্ক হওয়ায় সেফ হোমে পাঠানোর নির্দেশ দেন নারী ও শিশু আদালত।

গ্রেপ্তার অন্যরা হলেন প্রিন্সের বাবা শাহরুখ রাজা চৌধুরী (৪৬), মা শাম্মী আক্তার পলি (৩৮), ভাই শাহরিয়ার চৌধুরী পিয়াল (২০), দিরাই উপজেলার চন্ডিপুর গ্রামের শাহ আলমের ছেলে ইফাত আলম রাবিদ (২১), ছাতক উপজেলার জালালপুর গ্রামের শফিক মিয়ার ছেলে কাওছার আহমদ সোহাগ (২১) এবং গোলাপগঞ্জের ভাদেশ্বর গ্রামের ওলিওর রহমান মানিকের ছেলে তাকবির রহমান তানহির (২০)।

এর আগে শনিবার রাতে সিলেটের একটি বেসরকারি হাসপাতাল থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। সুনামগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রতন শেখ আটজনের গ্রেপ্তার এবং সাতজনকে কারাগার ও একজনকে সেফ হোমে পাঠানোর বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশের অভিযোগ, প্রিন্সকে পুলিশ হেফাজত থেকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা এবং পুলিশের ওপর হামলার ঘটনায় তাঁরা জড়িত। এ ঘটনায় সুনামগঞ্জ সদর মডেল থানার উপপরিদর্শক (এসআই) মো. ফরিদ হোসেন বাদী হয়ে ১১ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ১৫ থেকে ২০ জনকে আসামি করে মামলা করেছেন।

এর আগে ছাত্রলীগ নেতা দেওয়ান শাহনেওয়াজ চৌধুরী প্রিন্সকে পুলিশ হেফাজতে নির্যাতনের অভিযোগ ওঠে। সুনামগঞ্জ থেকে গ্রেপ্তারের পর অসুস্থ হয়ে তিনি সিলেটের একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

পুলিশ জানায়, বৃহস্পতিবার (২৯ অক্টোবর) রাতে নাশকতার মামলার আসামি হিসেবে প্রিন্সকে গ্রেপ্তার করে সুনামগঞ্জ সদর মডেল থানায় নেওয়া হয়। কিছুক্ষণ পর তিনি অসুস্থ বোধ করলে প্রথমে সুনামগঞ্জ সদর হাসপাতালে এবং পরে সিলেটে নেওয়া হয়।

পুলিশের দাবি, চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার রাত দেড়টার দিকে প্রিন্সের পরিবারের সদস্য ও বন্ধুবান্ধবরা হাসপাতালে জড়ো হয়ে পুলিশের ওপর হামলা চালান। তাঁরা বেআইনিভাবে জনতাবদ্ধ হয়ে সরকারি কাজে বাধা দেন এবং পুলিশ হেফাজত থেকে প্রিন্সকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন। এ সময় পুলিশ সদস্যদের হত্যার উদ্দেশ্যে আক্রমণ ও মারধরের অভিযোগও করা হয়েছে।

অন্যদিকে, প্রিন্সের পরিবারের অভিযোগ, গ্রেপ্তারের পর পুলিশ হেফাজতে তাঁকে নির্যাতন করা হয়েছে।

ন্যাশনিক্স/এলকে

আরও নিবন্ধ

সর্বশেষ সংবাদ