শ্রম অসন্তোষে এক দিনে ৫২৯ পোশাক কারখানায় উৎপাদন বন্ধ

অবশ্যই পরুন

শ্রমিক অসন্তোষের কারণে দেশের শিল্পাঞ্চলগুলোতে এক দিনে ৫২৯টি পোশাক কারখানার উৎপাদন কার্যক্রম বন্ধ হয়ে গেছে। এসব কারখানায় কর্মরত প্রায় ৯ লাখ ৮৭ হাজার শ্রমিক উৎপাদন কার্যক্রমে অংশ নিতে না পেরে কর্মস্থল ত্যাগ করেছেন। পরিস্থিতির উন্নতি না হলে আজও কারখানাগুলোতে উৎপাদন ব্যাহত হওয়ার আশঙ্কা করছেন শিল্প মালিকরা।

তৈরি পোশাক শিল্প মালিকদের সংগঠন বিজিএমইএর তথ্য অনুযায়ী, মিরপুর, গাজীপুর-ময়মনসিংহ এবং সাভার-আশুলিয়া অঞ্চলে সংগঠনটির আওতাভুক্ত মোট ২ হাজার ১৩৪টি কারখানা রয়েছে। এর মধ্যে রবিবার চালু ছিল ১ হাজার ৮১৬টি। তবে শ্রমিক অসন্তোষের কারণে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত ৫২৯টি কারখানায় ছুটি ঘোষণা করতে হয়। এ তথ্য জানিয়েছে বণিক বার্তা।

এদিকে শ্রমিকদের মজুরি বৃদ্ধির দাবি ও চলমান আন্দোলন নিয়ে রবিবার সংবাদ সম্মেলনে শ্রমমন্ত্রী আরিফুল হক চৌধুরী জানান, শ্রমিকদের দীর্ঘদিনের দাবি বিবেচনায় নিয়ে তাদের প্রতিনিধিদের অন্তর্ভুক্ত করে একটি বোর্ড গঠন করা হয়েছে। আলোচনা ও পর্যালোচনার মাধ্যমে দ্রুত উপযুক্ত মজুরি নির্ধারণের উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি শ্রমিকদের আন্দোলন বন্ধ করে কাজে ফিরে যাওয়ার আহ্বান জানান তিনি।

অন্যদিকে শ্রম অসন্তোষকে কেন্দ্র করে রাজধানীর মিরপুর, গাজীপুরের কালিয়াকৈর, সাভার ও আশুলিয়ায় বিক্ষোভ, সড়ক অবরোধ এবং যানবাহনে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এসব ঘটনায় পোশাক শিল্পের উদ্যোক্তাদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে।

রবিবার সন্ধ্যায় সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠক শেষে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, শ্রমিকদের জীবনমান উন্নয়ন ও অধিকার সুরক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা নিতে প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন। একই সঙ্গে শিল্পের উৎপাদন এবং রপ্তানি কার্যক্রম স্বাভাবিক রাখার বিষয়েও গুরুত্ব দেওয়া হয়েছে।

তিনি আরও জানান, সহিংসতা ও বিশৃঙ্খলায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। তাঁর দাবি, নিরীহ শ্রমিকদের ব্যবহার করে সীমান্তের ওপার থেকে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা চলছে। এ ধরনের কর্মকাণ্ড কঠোরভাবে মোকাবিলা করা হবে।

শ্রমিক অসন্তোষের অর্থনৈতিক প্রভাব নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন পোশাক শিল্পের উদ্যোক্তারা। স্প্যারো গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক শোভন ইসলাম বলেন, একই দিনে ৫২৯টি কারখানার উৎপাদন বন্ধ হয়ে যাওয়ার ঘটনা আন্তর্জাতিক অঙ্গনে দেশের ভাবমূর্তির ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। পাশাপাশি নির্ধারিত সময়ে পণ্য জাহাজীকরণ নিয়েও অনিশ্চয়তা দেখা দিতে পারে।

শিল্প মালিকদের মতে, শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিত করতে প্রয়োজনীয় সমন্বয় জরুরি। তবে এ বিষয়ে কার্যকর সমাধানে পৌঁছাতে শ্রমিক ও মালিকপক্ষের মধ্যে গঠনমূলক আলোচনা এবং পারস্পরিক সমঝোতা প্রয়োজন। তাদের আশঙ্কা, শ্রমিকদের যৌক্তিক দাবির সমাধানের পাশাপাশি সহিংসতা ও নাশকতা বন্ধ করা না গেলে পোশাক শিল্পের স্থিতিশীলতা এবং লাখ লাখ শ্রমিকের কর্মসংস্থান ও জীবিকা হুমকির মুখে পড়তে পারে।

আরও নিবন্ধ

সর্বশেষ সংবাদ