সুনামগঞ্জ সদর উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক দেওয়ান শাহনেওয়াজ চৌধুরী প্রিন্সকে পুলিশ হেফাজতে শারীরিক নির্যাতনের অভিযোগ উঠেছে। পরিবারের ও দলীয় সূত্রের দাবি, রাত ১২টার দিকে তাকে বাসা থেকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যাওয়ার পর পুলিশের নির্যাতনে তিনি অসুস্থ হয়ে পড়েন। পরে আশঙ্কাজনক অবস্থায় তাকে সুনামগঞ্জ সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য সিলেটে পাঠানোর সিদ্ধান্ত নেন।
অভিযোগ অনুযায়ী, কোনো মামলা ছাড়াই প্রিন্সকে তৃতীয়বারের মতো গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারের পর থানায় নিয়ে তার ওপর অমানবিক শারীরিক নির্যাতন চালানো হয়। এতে তার শারীরিক অবস্থার অবনতি ঘটে।
এ ঘটনায় পুলিশের উপপরিদর্শক (এসআই) জাকারিয়া ও এসআই ফরিদের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ উঠেছে। তবে এ বিষয়ে অভিযুক্ত পুলিশ কর্মকর্তাদের বক্তব্য পাওয়া যায়নি।
এদিকে, পুলিশ হেফাজতে ছাত্রলীগ নেতা প্রিন্সের ওপর নির্যাতনের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন তার সহকর্মী ও দলীয় নেতাকর্মীরা। তারা অভিযোগের সুষ্ঠু তদন্ত করে দায়ী পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
প্রতিবাদকারীরা বলেন, পুলিশ হেফাজতে কোনো ব্যক্তির ওপর শারীরিক নির্যাতন চালানো অমানবিক ও নিন্দনীয়। তারা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হেফাজতে নেতাকর্মীদের ওপর নির্যাতন-নিপীড়ন বন্ধের আহ্বান জানান।
