যুক্তরাষ্ট্র থেকে সরকার-থেকে-সরকার (জিটুজি) পদ্ধতিতে চলতি ২০২৬-২৭ অর্থবছরে ৭ লাখ টন গম আমদানির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অন্যান্য উৎস থেকে যে দামে গম কেনা হয়, যুক্তরাষ্ট্র থেকে আনতে তার চেয়ে টনপ্রতি প্রায় ২৫ থেকে ৩০ মার্কিন ডলার বেশি ব্যয় হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। এর পরও ‘রাষ্ট্রীয় নিরাপত্তা, রাজনৈতিক চুক্তি ও শুল্ক-বিবেচনার’ কারণে এই আমদানি অব্যাহত রাখা হচ্ছে বলে খাদ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন।
খাদ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, সরকারিভাবে ২০২৬-২৭ অর্থবছরে আন্তর্জাতিক উৎস থেকে ৮ লাখ টন গম আমদানির সিদ্ধান্ত রয়েছে; এর মধ্যে ৭ লাখ টনই আসবে যুক্তরাষ্ট্র থেকে। এ-সংক্রান্ত প্রস্তাবে গত বুধবার অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে ভার্চুয়াল সভায় অর্থনৈতিক বিষয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি নীতিগত অনুমোদন দিয়েছে।
এতদিন যুক্তরাষ্ট্র থেকে গম আমদানির জন্য একটি প্রতিষ্ঠান অনুমোদিত ছিল। এখন ইউএস হুইট অ্যাসোসিয়েশন অনুমোদিত অ্যাগ্রোকর্প ইন্টারন্যাশনাল পিটিই লিমিটেডের পাশাপাশি লুই ড্রেফাস কোম্পানিকেও (এলডিসি) অনুমোদন দেওয়া হয়েছে। ফলে দুটি প্রতিষ্ঠানের কাছ থেকে দরপ্রস্তাব নিয়ে সর্বনিম্ন দরদাতার কাছ থেকে গম কেনার সুযোগ তৈরি হলো। সরকারি ক্রয় আইনে এ ধরনের দর-কষাকষির বিষয় স্পষ্টভাবে উল্লেখ না থাকায় মন্ত্রিসভা কমিটির অনুমোদন নিতে হয়েছে।
গত বছরের ২০ জুলাই ইউএস হুইট অ্যাসোসিয়েশনের সঙ্গে সমঝোতা স্মারক (এমওইউ) সই করে বাংলাদেশ; সংগঠনটি অ্যাগ্রোকর্পকে ২০২৫ থেকে ২০৩০ অর্থবছর পর্যন্ত পাঁচ বছরের জন্য অনুমোদিত সরবরাহকারী প্রতিষ্ঠান হিসেবে নির্ধারণ করে। এর পর ২০২৫-২৬ অর্থবছরে যুক্তরাষ্ট্র থেকে ৭ লাখ ৪ হাজার টন গম আমদানি করা হয়।
প্রসঙ্গত, বাংলাদেশি পণ্যে যুক্তরাষ্ট্রের আরোপ করা পাল্টা শুল্ক কমানোর দর-কষাকষিতে সুবিধা পেতে গত বছর যুক্তরাষ্ট্র থেকে সরকারি পর্যায়ে গম আমদানির উদ্যোগ নেওয়া হয়; এর আওতায় পাঁচ বছর মেয়াদে প্রতিবছর ৭ লাখ টন করে গম আমদানির প্রতিশ্রুতি দিয়েছে বাংলাদেশ।
খাদ্য মন্ত্রণালয়ের এক জ্যেষ্ঠ কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘আমরা রাশিয়া বা অন্যান্য দেশ থেকে তুলনামূলক কম দামে গম আমদানি করতাম। কিন্তু জিটুজি চুক্তির বিষয়টি শুধু দামের ওপর নির্ভর করে না এর সঙ্গে রাষ্ট্রীয় নিরাপত্তা, অন্যান্য স্বার্থ এবং রাজনৈতিক চুক্তির মতো অনেক বিষয় জড়িত। তাছাড়া বাংলাদেশের পণ্যের ওপর যুক্তরাষ্ট্র বাড়তি শুল্ক আরোপ করেছিল, সেটিও বিবেচনার বিষয়।’ তবে যুক্তরাষ্ট্রের গমের মান ভালো বলে একাধিকবার সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে।
ন্যাশনিক্স/এলকে
