পাবনা সদর উপজেলায় এক আবাসিক মাদ্রাসাছাত্রীকে চেতনানাশক প্রয়োগ করে একাধিকবার ধর্ষণের অভিযোগ উঠেছে শিক্ষক আবু ইউসুফ প্রামাণিকের বিরুদ্ধে। ভুক্তভোগীর অভিযোগ, শারীরিক প্রতিক্রিয়া ঠেকাতে তাঁকে জোর করে জন্মনিয়ন্ত্রণের ওষুধও খাওয়ানো হতো। এ ঘটনায় অভিযুক্ত শিক্ষককে গ্রেপ্তার করে কারাগারে পাঠিয়েছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার বিকেলে অভিযুক্ত শিক্ষককে পাবনা জেলা কারাগারে পাঠানো হয়। বিষয়টি নিশ্চিত করেছেন পাবনা সদর থানার পরিদর্শক (তদন্ত) সঞ্জয় কুমার সাহা।
ভুক্তভোগী শিক্ষার্থীর দাবি, দীর্ঘদিন ধরে চেতনানাশক খাইয়ে তাঁকে অচেতন করার পর ধর্ষণ করতেন ওই শিক্ষক। এ ছাড়া, বিষয়টি গোপন রাখা এবং শারীরিক প্রতিক্রিয়া ঠেকানোর উদ্দেশ্যে তাঁকে জোর করে জন্মনিয়ন্ত্রণের বড়ি খাওয়ানো হতো বলে অভিযোগ করেন তিনি।
ওই শিক্ষার্থীর আরও অভিযোগ, মাদ্রাসার অন্য শিক্ষার্থীদের সঙ্গেও একই ধরনের আচরণ করতেন অভিযুক্ত শিক্ষক। বিষয়টি কাউকে জানালে প্রাণনাশের হুমকি দেওয়া হতো বলেও দাবি তার।
গত বৃহস্পতিবার গভীর রাতে ঘর থেকে বের হলে ওই শিক্ষক আবারও তাঁকে ধর্ষণের চেষ্টা করেন বলে অভিযোগ করেন ভুক্তভোগী। এ সময় কৌশলে পালিয়ে গিয়ে স্থানীয় বাসিন্দাদের বিষয়টি জানান তিনি।
ঘটনাটি জানাজানি হলে ক্ষুব্ধ এলাকাবাসী রাতভর মাদ্রাসাটি ঘেরাও করে অভিযুক্ত শিক্ষককে আটকে রাখেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাঁকে নিজেদের হেফাজতে নেয়।
এ ঘটনার পর শুক্রবার সকালে উত্তেজিত জনতা মাদ্রাসাটিতে ভাঙচুর চালিয়ে আগুন ধরিয়ে দেয়। পরে অতিরিক্ত পুলিশ সদস্য ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
পাবনা সদর থানার পরিদর্শক (তদন্ত) সঞ্জয় কুমার সাহার ভাষ্য অনুযায়ী, প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযুক্ত শিক্ষক অপরাধের কথা স্বীকার করেছেন। তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
