‘একটা স্নাইপারের অভাব ছিল’, ফেসবুক মন্তব্যে রাজশাহীতে যুবক আটক

অবশ্যই পরুন

প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজশাহী সফরের সময় তাঁকে বহনকারী রুয়েটের বাস নিয়ে ফেসবুকে ‘শুধু একটা স্নাইপারের অভাব ছিল’ মন্তব্য করার ঘটনায় আবু বকর নামে এক যুবককে আটক করা হয়েছে। বৃহস্পতিবার সকালে এসআরবি-৫-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ফয়সাল ইশতিয়াক বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, আবু বকরকে আটক করার পর পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে তাঁর বিষয়ে বিস্তারিত তথ্য এখনো জানায়নি পুলিশ।

গত মঙ্গলবার বিকেল ৩টার দিকে সামরিক বিমানে রাজশাহীর শাহ মখদুম বিমানবন্দরে অবতরণ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিমানবন্দর থেকে রুয়েটের একটি বাসে করে তিনি রাজশাহী নগরীতে প্রবেশ করেন। ওই বাসে করেই ঐতিহাসিক মাদ্রাসা মাঠের সমাবেশে যোগ দেন এবং দুর্গাপূজা উপলক্ষে ধর্মসভা মন্দির পরিদর্শন করেন। পরে একই বাসে বিমানবন্দরে ফিরে যান তিনি।

প্রধানমন্ত্রীর সফরে ব্যবহৃত বাসের ছবি দিয়ে রুয়েটের ‘দ্য বিউটি অব রাজশাহী’ নামের একটি ফেসবুক পেজে পোস্ট করা হয়। পোস্টের ক্যাপশনে বাসটি নিয়ে প্রশ্ন তোলা হয়। ওই পোস্টের মন্তব্যের ঘরে ‘আবু বকর সিদ্দিক’ নামের একটি ফেসবুক অ্যাকাউন্ট থেকে লেখা হয়, ‘ইস! একটা বড় সুযোগ। ছিল শুধু একটা স্নাইপারের অভাব ছিল।’

মন্তব্যটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন বিএনপি নেতারা। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আবু বকরকে শনাক্ত করে অভিযান চালায় এবং তাঁকে আটক করে।

রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মামুনুর রশিদ মামুন বলেন, প্রধানমন্ত্রীকে নিয়ে এ ধরনের মন্তব্য গ্রহণযোগ্য নয়। দেশের শান্তি-শৃঙ্খলা ও স্থিতিশীলতা বজায় রাখতে ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িত ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া প্রয়োজন।

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের মুখপাত্র উপপুলিশ কমিশনার গাজিউর রহমান বলেন, প্রধানমন্ত্রীর রাজশাহী সফরকে কেন্দ্র করে ফেসবুকে করা মন্তব্যটি উদ্বেগজনক ও দায়িত্বজ্ঞানহীন। বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

ন্যাশনিক্স/এলকে

আরও নিবন্ধ

সর্বশেষ সংবাদ