বিশেষ অভিযান শেষে ফেরার পথে এক পুলিশ পরিদর্শক ছিনতাইকারীদের হামলায় গুরুতর আহত হওয়ার পর খুলনায় রাতে একা চলাচলের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে জেলা পুলিশ। একই সঙ্গে অভিযানসহ দায়িত্ব পালনের সময় পুলিশ সদস্যদের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট ইউনিটপ্রধানদের নির্দেশ দেওয়া হয়েছে।
শুক্রবার (৯ অক্টোবর) রাতে জেলা পুলিশের বিশেষ শাখার (ডিএসবি) পুলিশ সুক্ষকের স্বাক্ষরিত এক দাপ্তরিক চিঠিতে এ নির্দেশনা দেওয়া হয়।
চিঠিতে বলা হয়েছে, বর্তমান নিরাপত্তা পরিস্থিতিতে রূপসা, তেরখাদা, দিঘলিয়া ও বটিয়াঘাটা থানা এলাকায় বিশেষ অভিযান চলছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের ওপর সাম্প্রতিক হামলার ঘটনা বিবেচনায় নিয়ে রাতে অভিযান কিংবা অন্য কোনো দায়িত্ব পালনের সময় কোনো পুলিশ সদস্য যেন একা চলাচল না করেন, তা নিশ্চিত করতে হবে। এ জন্য প্রয়োজনীয় নিরাপত্তাব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।
জেলা পুলিশের বিভিন্ন ইউনিট ও সংশ্লিষ্ট দপ্তরে নির্দেশনার অনুলিপি পাঠানো হয়েছে। এর আওতায় রয়েছে অতিরিক্ত পুলিশ সুপারদের সংশ্লিষ্ট শাখা, সার্কেল সহকারী পুলিশ সুপার, জেলা গোয়েন্দা শাখা, ট্রাফিক বিভাগ, পুলিশ লাইন্স, রিজার্ভ অফিস, কোর্ট পুলিশ এবং সংশ্লিষ্ট থানাগুলো।
খুলনার পুলিশ সুপার সরকার ওমর ফারুক জানান, বৃহস্পতিবার গভীর রাতে রূপসা থানায় বিশেষ অভিযান শেষে ফেরার পথে ছিনতাইকারীদের ধারালো অস্ত্রের আঘাতে এক পুলিশ পরিদর্শক গুরুতর আহত হন। ঘটনার সময় তিনি সাদা পোশাকে ছিলেন। এ ঘটনার পর পুলিশ সদস্যদের নিরাপত্তার কথা বিবেচনা করে রাতে একা চলাচলের ওপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাত আড়াইটার দিকে নগরীর খানজাহান আলী সড়কে খুলনা কলেজিয়েট স্কুলের সামনে হামলার শিকার হন পুলিশ পরিদর্শক শাহ আলম (৪৩)। ছিনতাইকারীদের চাপাতির আঘাতে গুরুতর আহত হলে তাঁকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকার রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ লাইন্স হাসপাতালে পাঠানো হয় তাঁকে।
ন্যাশনিক্স/এলকে
