হেডলাইন২৬ কোটি টাকায় ধানমন্ডি লেকের তলদেশ পরিষ্কার, শুরু হলো পুনঃখনন

অবশ্যই পরুন

ধানমন্ডি লেকের নাব্যতা ও পরিবেশগত সৌন্দর্য ফিরিয়ে আনতে পুনঃখনন ও সামগ্রিক উন্নয়নকাজ শুরু করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। মঙ্গলবার সকালে এ কার্যক্রমের উদ্বোধন করেন ডিএসসিসির প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম।

ডিএসসিসি জানিয়েছে, প্রায় ৩ দশমিক ১০ কিলোমিটার দীর্ঘ এবং গড়ে ৫৬ মিটার প্রশস্ত ধানমন্ডি লেকের তলদেশে আনুমানিক ১ লাখ ৬২ হাজার ৫৩৪ ঘনমিটার কাদা ও বর্জ্য জমেছে। প্রতিদিন প্রায় ৭০০ ঘনমিটার স্লাজ অপসারণের লক্ষ্যে দুটি ভাসমান এক্সক্যাভেটর ও চারটি বার্জ ব্যবহার করা হবে। পুরো পুনঃখনন কার্যক্রম শেষ করতে প্রায় এক বছর সময় লাগতে পারে। প্রাথমিকভাবে এ কাজে ব্যয় ধরা হয়েছে প্রায় ২৬ কোটি টাকা।

ডিএসসিসি জানিয়েছে, পুনঃখনন শেষে লেকের পানি শোধন, পাড়ের সুরক্ষা ও সংস্কার, ওয়াকওয়ে আধুনিকায়ন ও সম্প্রসারণ, সৌন্দর্যবর্ধন এবং আলোকসজ্জার কাজ করা হবে। লেক এলাকার নিরাপত্তা বাড়াতে সিসিটিভি ক্যামেরা, নিরাপত্তা রেলিং, সাইনবোর্ড ও ঘোষণা দেওয়ার ব্যবস্থাও রাখা হবে।

ধানমন্ডি লেক ও আশপাশের অবকাঠামো উন্নয়নে ডিএসসিসি মোট ৭৫ কোটি টাকার একটি মাস্টারপ্ল্যান নিয়েছে। এর মধ্যে লেক ও অবকাঠামো সংস্কারে ৫০ কোটি টাকা এবং ‘নজরুল সরোবর’ বা ‘বিদ্রোহী চত্বর’ নির্মাণে ২৫ কোটি টাকা ব্যয়ের পরিকল্পনা রয়েছে।

পরিকল্পনা অনুযায়ী, কবি নজরুল ইনস্টিটিউটের বিপরীতে ধানমন্ডির ১৩/এ ও ৮/এ সড়কের পাশে প্রায় ৫০ দশমিক ৯৬৭ কাঠা জায়গায় ‘নজরুল সরোবর’ গড়ে তোলা হবে। সেখানে নজরুলসংগীত ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনের জন্য উন্মুক্ত অ্যাম্ফিথিয়েটার ও গ্রিনরুম থাকবে। কবি কাজী নজরুল ইসলামের জীবন, সাহিত্য ও বিদ্রোহী চেতনাকে তুলে ধরতে বুক কর্নার, লাইব্রেরি ও তথ্যফলক রাখার পরিকল্পনাও রয়েছে।

বিনোদন ও অবসর কাটানোর জন্য তিনটি ভাসমান ডেক, কিয়স্ক, আধুনিক জিম, ক্যাফেটেরিয়া, ব্যাডমিন্টন কোর্ট এবং উন্মুক্ত ব্যায়ামাগার তৈরির পরিকল্পনা রয়েছে। পাশাপাশি পার্কিং সুবিধা, নিরাপদ পানির ব্যবস্থা, জনবান্ধব শৌচাগার এবং গাছের পরিচর্যার জন্য বিশেষায়িত ‘ট্রি হাসপাতাল’ করার কথাও জানিয়েছে ডিএসসিসি।

‘নজরুল সরোবর’ এলাকায় কবি কাজী নজরুল ইসলামের পছন্দের খাবার পরিবেশনের জন্য বিশেষ রেস্তোরাঁ ও ক্যাফে রাখার পরিকল্পনাও রয়েছে। লেকের তলদেশ পরিষ্কারের কাজ শেষ হওয়ার পর মূল সংস্কার এবং নজরুল সরোবর নির্মাণের কার্যক্রম একসঙ্গে এগিয়ে নেওয়ার পরিকল্পনা করেছে ডিএসসিসি।

ন্যাশনিক্স/এলকে

আরও নিবন্ধ

সর্বশেষ সংবাদ