‘ভিপি নুরের নির্দেশ,৫ লাখ টাকার কম হবে না’ অডিও ভাইরাল, যুব অধিকার পরিষদ নেতা বহিষ্কার

অবশ্যই পরুন

‘ভিপি নুরের নির্দেশ, ৫ লাখ টাকার কম হবে না’ এমন কথোপকথনের একটি অডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর লক্ষ্মীপুর জেলা যুব অধিকার পরিষদের সভাপতি ফারুক হোসেনকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে।

সোমবার (৫ অক্টোবর) সন্ধ্যায় কেন্দ্রীয় দপ্তর সম্পাদক নাঈম হোসেন শান্ত স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ফারুক হোসেনকে সংগঠনের সব পদ থেকে অব্যাহতি দেওয়ার বিষয়টি জানানো হয়।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া অডিওতে ফারুক হোসেনের কণ্ঠ হিসেবে দাবি করা একটি কণ্ঠকে বিদেশ যেতে ইচ্ছুক এক ব্যক্তির কাছে পাসপোর্ট, ভিসা, পুলিশ ক্লিয়ারেন্স ও বিএমইটি কার্ডের জন্য প্রাথমিকভাবে পাঁচ লাখ টাকা চাওয়ার কথা বলতে শোনা যায়।

তবে অডিওটির সত্যতা ও পূর্ণাঙ্গতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। এতে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার বা কোনো ধরনের সম্পাদনা করা হয়েছে কি না, সেটিও নিশ্চিত হওয়া যায়নি।

সংগঠনের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ফারুক হোসেনের বিরুদ্ধে সাংগঠনিক শৃঙ্খলা ও সংগঠনের নীতিবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ পাওয়া গেছে। অভিযোগ পর্যালোচনার পর কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত অনুযায়ী তাকে সংগঠনের সব পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

এদিকে গণ অধিকার পরিষদের সভাপতি ও প্রবাসীকল্যাণ প্রতিমন্ত্রী নুরুল হক নুর সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে বলেন, তার নাম ব্যবহার করে অনিয়ম করার সুযোগ নেই। অভিযুক্তকে সংগঠন থেকে বহিষ্কারের পাশাপাশি তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে লক্ষ্মীপুরের পুলিশ সুপারকে বলা হয়েছে বলেও জানান তিনি।

তবে নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন ফারুক হোসেন। তার দাবি, স্থানীয় একটি পক্ষ কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে তার কণ্ঠ সম্পাদনা করে অডিওটি তৈরি করেছে।

ফারুকের ভাষ্য, তার এলাকার সাকিব নামে এক ব্যক্তি পাসপোর্ট করে দেওয়ার বিষয়ে কথা বললে তিনি পাঁচ হাজার টাকা খরচের কথা বলেছিলেন। তার দাবি, সেই পাঁচ হাজার টাকার কথোপকথনকে কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে পরিবর্তন করে পাঁচ লাখ টাকা হিসেবে উপস্থাপন করা হয়েছে।

ন্যাশনিক্স/এলকে

আরও নিবন্ধ

সর্বশেষ সংবাদ