কুমিল্লার বাঙ্গরা উপজেলার পেন্নাই গ্রামে চাঁদা না দেওয়াকে কেন্দ্র করে আনোয়ার হোসেন (৪৫) নামে এক ইউপি সদস্যকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্বামীকে বাঁচাতে গিয়ে গুরুতর আহত হয়েছেন তার স্ত্রী মোমেনা বেগম।
শনিবার রাত আনুমানিক ২টার দিকে শ্রীকাইল ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের উত্তর পেন্নাই দক্ষিণপাড়ায় এ হামলার ঘটনা ঘটে।
পরিবারের অভিযোগ, আনোয়ারের কাছে মোটা অঙ্কের চাঁদা দাবি করা হয়েছিল। দাবিকৃত টাকা দিতে না পারায় পরিকল্পিতভাবে তার ওপর হামলা চালানো হয়। হামলাকারীরা ঘরের দরজা ভেঙে ঢুকে ধারালো অস্ত্র দিয়ে আনোয়ারকে এলোপাতাড়ি কোপায় এবং তার হাত-পায়ের রগ কেটে দেয়।
স্বামীকে বাঁচাতে এগিয়ে গেলে মোমেনা বেগমকেও কুপিয়ে আহত করা হয়। তার হাতের রগ কেটে গেছে বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে। পরে স্থানীয়রা দুজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। সেখানে আনোয়ারের মৃত্যু হয়।
নিহতের ভাই জালাল হোসেনের অভিযোগ, স্থানীয় কয়েকজন ব্যক্তি দীর্ঘদিন ধরে আনোয়ারের কাছে মোটা অঙ্কের চাঁদা দাবি করে আসছিলেন। টাকা দিতে না পারায় তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।
নিহতের জামাতা শফিকুল ইসলামও দাবি করেন, আনোয়ারের কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবি করা হয়েছিল। সেই টাকা না দেওয়ায় তাকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি।
তবে পুলিশের প্রাথমিক ধারণা, পূর্বশত্রুতার জেরে এ হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে তদন্ত চলছে।
ন্যাশনিক্স/এলকে
