রাজধানীর মোহাম্মদপুরের বিভিন্ন এলাকায় প্রায় তিন মাস ধরে লাইনের গ্যাস সরবরাহ বন্ধ থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন বাসিন্দারা। মোহাম্মদিয়া হাউজিং, নবোদয় হাউজিং, আদাবর ও ঢাকা উদ্যানসহ বেশ কয়েকটি এলাকায় এ পরিস্থিতি বিরাজ করছে।
গ্যাস না থাকায় অনেক পরিবার বাধ্য হয়ে সিলিন্ডার ও ইলেকট্রিক চুলা ব্যবহার করছে। তবে নিম্ন-মধ্যবিত্ত ও দরিদ্র পরিবারের অনেকে বাড়তি খরচ বহন করতে না পেরে লাকড়ির চুলায় রান্না করছেন।
বাসিন্দাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে গ্যাস না থাকলেও নিয়মিত গ্যাস বিল দিতে হচ্ছে তাদের। একই সঙ্গে গ্যাস লাইনে লিকেজ ও পাইপে পানি জমে থাকার মতো সমস্যার কারণে সংকট আরও তীব্র হয়েছে বলে দাবি তাদের। এ অবস্থায় তিতাসের কার্যকর উদ্যোগ ও স্থায়ী সমাধান চান তারা।
নবোদয় হাউজিং সোসাইটির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বলেন, লাইনে পানি জমে থাকলে তা পরিষ্কার করার দায়িত্ব তিতাসের। কিন্তু সমস্যা সমাধানে প্রতিষ্ঠানটির কার্যকর পদক্ষেপ দেখা যাচ্ছে না।
অন্যদিকে, তিতাসের সোবহানবাগ কার্যালয়ের উপ-মহাব্যবস্থাপক নজিবুল ইসলাম বলেন, গ্যাসের সরবরাহ ঘাটতির কারণেই মূলত এ সমস্যা হচ্ছে। পর্যাপ্ত গ্যাস পাওয়া যাচ্ছে না।
দীর্ঘস্থায়ী এই সংকটে শুধু আবাসিক গ্রাহকরাই নন, কল-কারখানা ও পরিবহণ খাতও ভোগান্তিতে পড়েছে। দ্রুত গ্যাস সরবরাহ স্বাভাবিক করে জনদুর্ভোগ কমানোর দাবি জানিয়েছেন স্থানীয়রা।
