দেশের শিল্প-কলকারখানায় গ্যাস ও বিদ্যুতের সাম্প্রতিক সংকট কাটিয়ে ‘আগের মতো’ সরবরাহ নিশ্চিত করার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী। মঙ্গলবার রাত থেকেই সরবরাহ পরিস্থিতি আগের অবস্থায় ফিরবে বলে ব্যবসায়ী প্রতিনিধিদের জানানো হয়েছে।
সোমবার সচিবালয়ে ব্যবসায়ী সংগঠনগুলোর প্রতিনিধিদের সঙ্গে প্রধানমন্ত্রীর দীর্ঘ বৈঠকের পর এ তথ্য জানান এফবিসিসিআই প্রশাসক মো. ফজলুল হক।
তিনি বলেন, বৈঠকে প্রধানমন্ত্রী জানিয়েছেন, মঙ্গলবার রাত থেকে নতুন করে তৈরি হওয়া গ্যাস-বিদ্যুতের সংকট কাটিয়ে আগস্ট মাসে সংকট তীব্র হওয়ার আগের অবস্থায় সরবরাহ ফিরিয়ে নেওয়ার চেষ্টা করা হবে।
ফজলুল হকের ভাষ্য অনুযায়ী, শিল্পখাতে গ্যাস ও বিদ্যুৎ সরবরাহের পরিস্থিতি স্বাভাবিক করার এই আশ্বাসই বৈঠকের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও স্বস্তিদায়ক বিষয় হিসেবে ব্যবসায়ীরা দেখছেন।
সোমবার সচিবালয়ে এফবিসিসিআই, বিজিএমইএ, বিকেএমইএ, বিটিএমএ, এমসিসিআইসহ মোট ২১টি ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রায় তিন ঘণ্টা বৈঠক হয়। বৈঠকে শিল্পখাতে জ্বালানি সংকটসহ ব্যবসা-বাণিজ্যের বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা হয়।
তবে ‘আগের মতো’ গ্যাস-বিদ্যুৎ সরবরাহ বলতে ঠিক কোন পর্যায়ের সরবরাহ বোঝানো হয়েছে, সে বিষয়ে বৈঠকের পর সাংবাদিকদের ব্রিফিংয়ে বিস্তারিত ব্যাখ্যা পাওয়া যায়নি।
এ বিষয়ে জানতে চাইলে ফজলুল হক বলেন, আগস্ট মাসে যে সংকট তীব্র আকার ধারণ করেছিল, তার আগের পরিস্থিতিতে সরবরাহ ফিরিয়ে নেওয়ার কথাই প্রধানমন্ত্রী বলেছেন।
ন্যাশনিক্স/এলকে
