ড. মুহাম্মদ ইউনূসের মালিকানাধীন গ্রামীণ কল্যাণের কাছ থেকে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) দাবি করা ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে বলে রায় দিয়েছেন হাইকোর্ট। বৃহস্পতিবার বিচারপতি মো. মজিবুর রহমান মিয়ার নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন।
আদালতের নির্দেশ অনুযায়ী, আগামী তিন অর্থবছরের মধ্যে ওই অর্থ পরিশোধ করতে হবে। রায়ের বিরুদ্ধে আপিল করার কথা জানিয়েছেন ড. মুহাম্মদ ইউনূসের আইনজীবী ব্যারিস্টার আবদুল্লাহ আল মামুন।
এর আগে একই কর দাবিকে কেন্দ্র করে হাইকোর্টের একটি রায় প্রত্যাহার করা হয়েছিল। পরবর্তী সময়ে মামলাটি নতুন বেঞ্চে পাঠানো হয় এবং পুনরায় শুনানি অনুষ্ঠিত হয়।
মামলার নথি অনুযায়ী, ২০১২-১৩ থেকে ২০১৬-১৭ করবর্ষ পর্যন্ত গ্রামীণ কল্যাণের কাছে আয়কর বাবদ এনবিআরের দাবিকে চ্যালেঞ্জ করে প্রতিষ্ঠানটি ২০১৭ সালে পৃথক দুটি রিট করে। প্রাথমিক শুনানি শেষে আদালত রুল জারি করেছিলেন।
বৃহস্পতিবার শুনানি শেষে নতুন হাইকোর্ট বেঞ্চ সেই রুল খারিজ করে দেন। এর ফলে এনবিআরের দাবি করা আয়কর গ্রামীণ কল্যাণের কাছ থেকে আদায়ের ক্ষেত্রে আইনি বাধা থাকল না।
আদালতে ড. মুহাম্মদ ইউনূসের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার আবদুল্লাহ আল মামুন ও ব্যারিস্টার ফিদা এম কামাল। রায়ের পর ব্যারিস্টার আবদুল্লাহ আল মামুন জানান, তাঁরা এ সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করবেন।
ন্যাশনিক্স/এলকে
