‘ফালতু লোক’ মন্তব্যের প্রতিবাদে লাইভ টকশো ছেড়ে গেলেন রাশেদ খাঁন

অবশ্যই পরুন

বেসরকারি টেলিভিশন চ্যানেল স্টার নিউজের সরাসরি সম্প্রচারিত রাজনৈতিক টকশো ‘কড়া আলাপ’ থেকে উঠে গেছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক সহকারী মো. রাশেদ খাঁন। সহ-আলোচক ড. আব্দুল মান্নানের ‘ফালতু লোক’ মন্তব্যের প্রতিবাদ জানিয়ে শুক্রবার (১৩ নভেম্বর) রাতে তিনি অনুষ্ঠান বর্জন করেন।

অনুষ্ঠানের একপর্যায়ে সমসাময়িক রাজনৈতিক বিষয় নিয়ে আলোচনার সময় রাশেদ খাঁন ও ড. আব্দুল মান্নানের মধ্যে তীব্র বাগ্‌বিতণ্ডা শুরু হয়। এ সময় আব্দুল মান্নান রাশেদ খাঁনকে উদ্দেশ করে ‘ফালতু লোক’ মন্তব্য করেন। এর প্রতিবাদ জানিয়ে রাশেদ খাঁন মন্তব্যটি প্রত্যাহার এবং উপযুক্ত প্রতিকার দাবি করেন।

রাশেদ খাঁন বলেন, জাতীয় গণমাধ্যমের সরাসরি সম্প্রচারে একজন রাজনৈতিক নেতাকে উদ্দেশ করে এ ধরনের আক্রমণাত্মক ভাষা ব্যবহার গ্রহণযোগ্য নয়। আত্মসম্মান বিসর্জন দিয়ে সেখানে বসে থাকা তার পক্ষে সম্ভব নয় বলেও জানান তিনি।

পরিস্থিতি সামাল দিতে অনুষ্ঠানের সঞ্চালক মনিরুল ইসলাম ওই ভাষা ব্যবহারের জন্য দুঃখ প্রকাশ করেন। পাশাপাশি অনুষ্ঠানের পক্ষ থেকে মন্তব্যটি প্রত্যাহারের প্রস্তাব দিয়ে রাশেদ খাঁনকে আলোচনায় থাকার অনুরোধ জানান। তবে রাশেদ খাঁন দাবি করেন, যিনি সরাসরি কটূক্তি করেছেন, তাকেই নিজের বক্তব্য প্রত্যাহার করতে হবে। সংশ্লিষ্ট বক্তা মন্তব্য প্রত্যাহার না করায় শেষ পর্যন্ত সঞ্চালক ও দর্শকদের কাছে দুঃখ প্রকাশ করে স্টুডিও ত্যাগ করেন তিনি।

এর আগে রাশেদ খাঁন সামাজিক যোগাযোগমাধ্যম ও জনসভায় দাবি করে আসছিলেন, জামায়াতে ইসলামীর শীর্ষ নেতারা, বিশেষ করে মিয়া গোলাম পরওয়ার, ভারতীয় গোয়েন্দা কর্মকর্তাদের সঙ্গে গোপন বৈঠক করেছেন। এ অভিযোগের পরিপ্রেক্ষিতে বুধবার (১১ নভেম্বর) জাতীয় সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের বক্তব্যের পর ফ্লোর নিয়ে বিরোধীদলীয় নেতা ও জামায়াত আমির ডা. শফিকুর রহমান অভিযোগটি নাকচ করেন।

সংসদে তিনি বলেন, কোনো দেশের গোয়েন্দা সংস্থার সঙ্গে বৈঠক করার ইতিহাস জামায়াতের নেই। তারা রাজনৈতিক দল হিসেবে রাজনৈতিক প্রতিপক্ষ ও বন্ধুদের সঙ্গে আলোচনা করে বলেও মন্তব্য করেন তিনি।

একই বক্তব্যে বিএনপির প্রতি ইঙ্গিত করে ডা. শফিকুর রহমান দাবি করেন, যাদের বিরুদ্ধে অভিযোগ তোলা হচ্ছে, তারাই বরং দেশে-বিদেশে বিভিন্ন গোয়েন্দা সংস্থার সঙ্গে বৈঠক করেছে। ওই বক্তব্যে রাশেদ খাঁনের নাম উল্লেখ না করে তাকে ‘সরকারের নিয়োজিত জামায়াত বিষয়ক সচিব মর্যাদার একজন লোক’ বলে কটাক্ষ করেন এবং ‘ফালতু লোক’ মন্তব্য করেন।

জামায়াত আমিরের বক্তব্যের পর রাজনৈতিক অঙ্গনে পাল্টাপাল্টি প্রতিক্রিয়া দেখা দেয়। ১১ নভেম্বর রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে রাশেদ খাঁন লেখেন, ভারতীয় গোয়েন্দা কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেননি বলে জাতীয় সংসদে যে বক্তব্য দেওয়া হয়েছে, তার জবাব তিনি শিগগির দেবেন।

পরদিন বৃহস্পতিবার (১২ নভেম্বর) আরেকটি ফেসবুক পোস্টে ‘ফালতু’ মন্তব্যের প্রতিবাদ জানান তিনি। সেখানে ২০১৮ থেকে ২০২৪ সাল পর্যন্ত শেখ হাসিনাবিরোধী আন্দোলনে নিজের ভূমিকার কথা উল্লেখ করে প্রশ্ন তোলেন, এত সংগ্রামের পরও তাকে ‘ফালতু’ বলা হলো কেন।

অনুসন্ধানী সাংবাদিক জুলকারনাইন সায়েরে প্রকাশিত তথ্যের প্রসঙ্গ টেনে রাশেদ খাঁন সাদিক কায়েম ও মিয়া গোলাম পরওয়ারের বিষয়ে ওঠা অভিযোগের ক্ষেত্রে ভিন্ন অবস্থান নেওয়া হচ্ছে কি না, সে প্রশ্নও তোলেন। সংসদে ব্যবহৃত ভাষার সমালোচনা করে তিনি জামায়াত আমিরের বক্তব্যের প্রতিবাদ জানান।

এর ধারাবাহিকতায় শুক্রবার রাতে টকশোতে আবারও ‘ফালতু লোক’ মন্তব্যের মুখে পড়ে অনুষ্ঠান বর্জন করেন রাশেদ খাঁন।

অনুষ্ঠানে নিজের আত্মসম্মানের প্রসঙ্গ তুলে ২০১৮ সালের আন্দোলনে কারাবরণ এবং শেখ হাসিনার শাসনামলে মামলায় রিমান্ডে নির্যাতনের কথাও উল্লেখ করেন তিনি। সংবাদমাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী, বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের যুগ্ম আহ্বায়ক থাকাকালে ২০১৮ সালের ১ জুলাই রাজধানীর মিরপুর এলাকা থেকে ডিবি পুলিশ তাকে আটক করে।

তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটূক্তির অভিযোগে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির আইনবিষয়ক সম্পাদক আল-নাহিয়ান খান জয়ের করা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। পরদিন ২ জুলাই ঢাকার মহানগর হাকিম রায়হান উল ইসলাম তার পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

পরবর্তীতে ২০২৫ সালের ৭ মে রাশেদ খাঁন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে দাবি করেন, ২০১৮ সালের ১ জুলাই আটকের পর ডিএমপির সাইবার ক্রাইম ইউনিটে তাকে নির্যাতন করা হয়েছিল। তার অভিযোগ, তৎকালীন অতিরিক্ত উপকমিশনার (এডিসি) ইশতিয়াক আহমেদ তার হাত, চোখ ও মুখ গামছা দিয়ে বেঁধে প্রায় ৩০ মিনিট নির্যাতন করেন। সরকারবিরোধী মত প্রকাশের কারণে তাকে ১৫ দিন নির্যাতনের শিকার হতে হয়েছিল বলেও অভিযোগ করেন তিনি। ২০২৬ সালের ১৬ সেপ্টেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম সাংবাদিকদের জানান, রাশেদ খাঁনের করা নির্যাতনের অভিযোগটি যাচাই-বাছাই ও তদন্তাধীন রয়েছে।

রাজনৈতিক জীবনে ২০১৮ সালের কোটা সংস্কার আন্দোলনের অন্যতম নেতা রাশেদ খাঁন পরবর্তীতে গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। দলীয় পদ থেকে পদত্যাগ করে বিএনপিতে যোগ দেন তিনি। সর্বশেষ জাতীয় নির্বাচনে ঝিনাইদহ-৪ আসনে বিএনপির প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করে পরাজিত হন।

২০২৬ সালের জুলাইয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনের মাধ্যমে সচিব পদমর্যাদায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সহকারী (রাজনৈতিক) হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ পান রাশেদ খাঁন।

ন্যাশনিক্স/এলকে

আরও নিবন্ধ

সর্বশেষ সংবাদ