সুইসাইড নোটের পোস্টের পর আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার মেঘমল্লার বসু

অবশ্যই পরুন

বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাবেক নেতা ও জাতীয় পিপলস অ্যাকশন (এনপিএ)-এর কেন্দ্রীয় ও কাউন্সিল সদস্য মেঘমল্লার বসুকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করা হয়েছে। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়ার পর তিনি শঙ্কামুক্ত বলে জানিয়েছেন চিকিৎসকরা।

সোমবার দিবাগত রাতে তাঁকে উদ্ধার করে প্রথমে একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। পরে সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা তাঁর পাকস্থলী ওয়াশ করেন। বর্তমানে তাঁকে হাসপাতালে পর্যবেক্ষণে রাখা হয়েছে। তিনি এখনো কথা বলার মতো অবস্থায় নেই বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

মঙ্গলবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাধারণ সম্পাদক এস এম ফরহাদ বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, মেঘমল্লার বসুর ফেসবুকে দেওয়া একটি পোস্ট দেখে তাঁর খোঁজ শুরু করেন তিনি ও অন্যরা। বিভিন্ন জায়গায় যোগাযোগ করেও প্রথমে তাঁর সন্ধান পাওয়া যাচ্ছিল না। পরে সোহরাওয়ার্দী উদ্যানের গেট এলাকায় তাঁকে পাওয়া যায়।

উদ্ধারের পর দ্রুত তাঁকে হাসপাতালে নেওয়া হয়। একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিয়ে অনীহা প্রকাশ করা হলে স্বজন ও রাজনৈতিক সহকর্মীরা তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।

এর আগে মেঘমল্লার বসু তাঁর ফেসবুক অ্যাকাউন্টে একটি দীর্ঘ পোস্ট দেন, যেটিকে তাঁর সহকর্মী ও পরিচিতরা সুইসাইড নোট হিসেবে দেখছেন। পোস্টটিতে তিনি নিজের মানসিক হতাশা, অপরাধবোধ ও ব্যক্তিগত জীবনের নানা বিষয় নিয়ে লিখেছেন। পাশাপাশি তাঁর পরিবার ও ঘনিষ্ঠজনদের প্রতি বিভিন্ন অনুরোধও জানিয়েছেন।

ওই পোস্টে তিনি তাঁর সাবেক প্রেমিকাকে তাঁর পরিস্থিতির জন্য দায়ী না করার অনুরোধ জানান। একই সঙ্গে পরিবার, বন্ধু ও রাজনৈতিক সহযোদ্ধাদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

মেঘমল্লার বসুর বর্তমান শারীরিক অবস্থা নিয়ে চিকিৎসকেরা তাঁকে পর্যবেক্ষণে রেখেছেন। তাঁর উদ্ধারের ঘটনা এবং সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া পোস্টের বিষয়ে বিস্তারিত তথ্য এখনো জানা যায়নি।

ন্যাশনিক্স/এলকে

আরও নিবন্ধ

সর্বশেষ সংবাদ