প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে ৩৫০টি গাড়ি নিয়ে লংমার্চ ও শান্তিপূর্ণ শোডাউনের ঘোষণা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।
রোববার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এ কর্মসূচির কথা জানান।
পোস্টে নাসীরুদ্দীন পাটওয়ারী দাবি করেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের দপ্তর থেকে ছড়ানো কথিত গুজবের প্রতিবাদে প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে শোডাউনের প্রস্তুতি নেওয়া হয়েছে। তাঁর দেওয়া তথ্য অনুযায়ী, কর্মসূচির জন্য এরই মধ্যে ৩৫৭টি গাড়ি তালিকাভুক্ত করা হয়েছে।
তিনি জানান, দেশের ৩০০টি সংসদীয় আসন এবং ৫০টি সংরক্ষিত নারী আসনের প্রতি সম্মান জানিয়ে প্রতীকীভাবে ৩৫০টি গাড়ি নিয়ে লংমার্চ ও শান্তিপূর্ণ শোডাউন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এনসিপির এই নেতা আরও জানান, কর্মসূচির জন্য প্রয়োজনীয় সংখ্যক গাড়ি ইতোমধ্যে তালিকাভুক্ত হয়ে গেছে। তাই এখন থেকে নতুন করে কোনো গাড়ি তালিকাভুক্ত করতে আগ্রহীদের যোগাযোগ করার প্রয়োজন নেই।
কর্মসূচির সুনির্দিষ্ট তারিখ, সময় ও অন্যান্য বিস্তারিত তথ্য তাঁর পোস্টে উল্লেখ করা হয়নি।
ন্যাশনিক্স/এলকে
