নেপালে আন্তর্জাতিক সম্মাননা শাহাদাত রাসেলের, পুরস্কার উৎসর্গ নিহত পুলিশদের

অবশ্যই পরুন

‘সাফল্য, নেতৃত্ব ও মানবাধিকারে অসামান্য অবদান উদযাপন’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে নেপালের রাজধানী কাঠমান্ডুতে অনুষ্ঠিত হয়েছে ‘ইন্টারন্যাশনাল এক্সিলেন্স অ্যাওয়ার্ড ২০২৬’। ৫ সেপ্টেম্বর কাঠমান্ডুর রাষ্ট্রীয় নৃত্যশালায় আয়োজিত এই অনুষ্ঠানে আন্তর্জাতিক অঙ্গনে বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য বিশিষ্ট ব্যক্তিদের সম্মাননা প্রদান করা হয়।

এবারের আয়োজনে সম্মাননা পেয়েছেন বাংলাদেশের চলচ্চিত্র নির্মাতা, লেখক ও মানবাধিকারকর্মী শাহাদাত রাসএল। তাঁর সর্বশেষ প্রকাশিত গল্পগ্রন্থ ‘দ্য হাফ ফিনিশড সিগারেট অ্যান্ড আনস্পোকেন অ্যাপোলজিস’-এর জন্য তাকে এই আন্তর্জাতিক সম্মাননা দেওয়া হয়।

সম্মাননা পাওয়ার অনুভূতি প্রকাশ করে শাহাদাত রাসএল বলেন, “সম্মাননা প্রাপ্তি সবসময়ই আনন্দের এবং উৎসাহব্যঞ্জক। ‘দ্য হাফ ফিনিশড সিগারেট অ্যান্ড আনস্পোকেন অ্যাপোলজিস’ মূলত মানবাধিকার ও মানবিক মূল্যবোধকে কেন্দ্র করে লেখা ১২টি গল্পের সংকলন, যা অ্যামাজনের মাধ্যমে প্রকাশিত হয়েছে। এই বইয়ের মূল ভাবনা ও মানবিক বার্তাকে আয়োজকরা মূল্যায়ন করেছেন—এটি আমার জন্য অত্যন্ত আনন্দের।”

তিনি আরও বলেন, “এই সম্মাননা আমি অনুষ্ঠানের মঞ্চে দাঁড়িয়েই বাংলাদেশে জুলাই-আগস্টে নিহত পুলিশ সদস্যদের উদ্দেশ্যে উৎসর্গ করেছি।”

‘ইন্টারন্যাশনাল এক্সিলেন্স অ্যাওয়ার্ড’ মূলত ভারত ও নেপালের যৌথ উদ্যোগে আয়োজিত একটি আন্তর্জাতিক সম্মাননা অনুষ্ঠান। এ বছর চতুর্থবারের মতো অনুষ্ঠিত হলো এই আয়োজন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সম্মাননা তুলে দেন নেপালের সাবেক উপ-প্রধানমন্ত্রী উপেন্দ্র যাদব। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেপালের সংসদ সদস্য জগত যোশী ও খেমরাজ কৈরালা। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারতীয় চলচ্চিত্র নির্মাতা অমল ভাগাতসহ বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্ট ব্যক্তিরা।

নেপালের ঐতিহ্যবাহী লোকসংগীত ও নৃত্যের মনোজ্ঞ পরিবেশনার মধ্য দিয়ে শেষ হয় এবারের ‘ইন্টারন্যাশনাল এক্সিলেন্স অ্যাওয়ার্ড ২০২৬’ আয়োজন।

আরও নিবন্ধ

সর্বশেষ সংবাদ