সাভারে পুলিশের এসআইকে পিটিয়ে হত্যার অভিযোগ, ছেলে গুরুতর আহত

অবশ্যই পরুন

ঢাকার সাভারের আমিনবাজারে গাড়ি পার্কিং নিয়ে বিরোধের জেরে পুলিশের বিশেষ শাখার (এসবি) উপপরিদর্শক (এসআই) আলতাব হোসেনকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন তাঁর ছেলে আরিফুল ইসলাম।

শনিবার রাত ৮টার দিকে আমিনবাজারের মদিনা হাউজিং এলাকায় এ ঘটনা ঘটে বলে স্থানীয়রা জানিয়েছেন।

স্থানীয়দের ভাষ্য, গাড়ি পার্কিংকে কেন্দ্র করে এক ব্যবসায়ীর সঙ্গে কয়েকজনের বাগ্‌বিতণ্ডা চলছিল। এ সময় আলতাব হোসেন ওই ব্যবসায়ীর পক্ষ নিয়ে পরিস্থিতির প্রতিবাদ করেন। এতে ক্ষিপ্ত হয়ে কয়েকজন তাঁর ওপর হামলা চালায় বলে অভিযোগ রয়েছে।

হামলাকারীরা আলতাব হোসেনকে মারধর করতে থাকলে তাঁকে উদ্ধারের জন্য তাঁর ছোট ছেলে আরিফুল ইসলাম ঘটনাস্থলে যান। এ সময় তাঁকেও মারধর করা হয়। এতে তিনি গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা বাবা-ছেলেকে উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক আলতাব হোসেনকে মৃত ঘোষণা করেন। আরিফুল ইসলামকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

ঘটনার পর পুলিশ নিহতের মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে। এতে তাঁর কপাল ও বুকে গুরুতর আঘাতের চিহ্ন পাওয়ার কথা উল্লেখ করা হয়েছে। পুলিশ জানিয়েছে, হাসপাতালে নেওয়ার আগেই তাঁর মৃত্যু হয়ে থাকতে পারে।

শেরে বাংলা নগর থানার এসআই জাহাঙ্গীর হোসেন আলতাব হোসেনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও ঘটনার প্রকৃত কারণ জানতে আইনগত প্রক্রিয়া চলছে।

ন্যাশনিক্স/এলকে

আরও নিবন্ধ

সর্বশেষ সংবাদ