ফেসবুকে দেওয়া এক পোস্টে ‘মাস্টার পাবলিকেশনের’ জাহাঙ্গীর আলম জানিয়েছেন, তাঁর পরিচালিত একটি পেইড প্রাইভেট গ্রুপে নতুন সদস্যদের জন্য নির্দিষ্ট কিছু শর্ত রাখা হয়েছে। এর মধ্যে রয়েছে পরিচয় যাচাই এবং মুক্তিযুদ্ধ ও স্বাধীনতাবিরোধী মানসিকতার ব্যক্তিদের গ্রুপে না পড়ানোর সিদ্ধান্ত।
পোস্টে জানানো হয়, প্রাইভেট গ্রুপটির ফি নির্ধারণ করা হয়েছে ১ হাজার ৫০০ টাকা। নতুন সদস্যদের প্রথমে ১ হাজার টাকা পরিশোধ করতে হবে এবং ‘MASTER সুপার এডিশন’ বই দেওয়ার সময় আরও ৫০০ টাকা পরিশোধ করতে হবে। পোস্ট অনুযায়ী, ‘MASTER সুপার এডিশন’ বইয়ের জন্য আলাদা কোনো ফি নেওয়া হবে না।
গ্রুপে ভুয়া বা ফেক আইডি গ্রহণ করা হবে না বলেও পোস্টে উল্লেখ করা হয়েছে। সদস্যদের NID-এর ছবি দিতে হবে এবং তাঁদের মূল ফেসবুক আইডি আনলক থাকতে হবে। সদস্যদের পরিচয় ও ফেসবুক আইডি যাচাই করা হবে বলেও জানানো হয়েছে।
সবচেয়ে আলোচিত শর্ত হিসেবে পোস্টে বলা হয়েছে, বাংলাদেশের ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ ও স্বাধীনতাবিরোধী মানসিকতার কাউকে তিনি পড়াবেন না।
এছাড়া পোস্টে দাবি করা হয়েছে, গ্রুপে মোট ৭০টি ক্লাস থাকবে। পাশাপাশি ইংরেজি শেখার জন্য কমপক্ষে ২০০টি বিষয় এবং জটিল ও ব্যতিক্রমধর্মী প্রশ্নের ব্যাখ্যাসহ নতুন পোস্ট দেওয়া হবে।
