দেশের বিদ্যুৎ ও জ্বালানি পরিস্থিতি আগামী ১৫ দিনের মধ্যে কিছুটা স্বাভাবিক হওয়ার আশা প্রকাশ করেছেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। তিনি বলেছেন, সাধারণ মানুষের ভোগান্তি কমাতে সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে।
বুধবার (২ সেপ্টেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের প্রশ্নোত্তর পর্বে এসব কথা বলেন তিনি।
প্রতিমন্ত্রী জানান, অন্তর্বর্তী সরকারের সময়ে দেশে আরও একটি ভাসমান এলএনজি টার্মিনাল (এফএসআরইউ) স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছিল। তবে সে সময় ওই প্রকল্পের চুক্তি বাতিল করা হয়। তার ভাষ্য অনুযায়ী, তখন দ্বিতীয় এফএসআরইউ স্থাপনের সিদ্ধান্ত বাস্তবায়িত হলে বর্তমান সংকট মোকাবিলায় সরকারকে তুলনামূলক কম চাপে পড়তে হতো।
বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর শিল্প ও বিদ্যুৎ খাতের চাহিদা পূরণে দ্রুত নতুন একটি এফএসআরইউ স্থাপনের উদ্যোগ নিয়েছে বলেও জানান অনিন্দ্য ইসলাম। তিনি আশা প্রকাশ করেন, শিগগিরই এ বিষয়ে চুক্তি স্বাক্ষর হতে পারে। পরিকল্পনা অনুযায়ী, ২০২৮ সালের পর নতুন টার্মিনালটি চালু করা সম্ভব হবে বলে জানান তিনি।
