দুদকের সূত্রের বরাত দিয়ে জানা গেছে, জুলাই গণঅভ্যুত্থানের পর গঠিত অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে হাজার কোটি টাকার দুর্নীতির অভিযোগ উঠেছে। অভিযোগগুলোর মধ্যে রয়েছে বেআইনি কাজ হাসিলের জন্য ঘুষ গ্রহণ, মানিলন্ডারিং, বিদেশে অর্থপাচার এবং বেআইনি বিটকয়েন লেনদেনের মতো গুরুতর বিষয়।
সূত্রের দাবি, তার বিরুদ্ধে চাঁদাবাজি, স্বজনপ্রীতি এবং আঞ্চলিক প্রভাব বিস্তারের অভিযোগও দুদকে করা হয়েছে। ভুক্তভোগীদের পক্ষ থেকে এসব বিষয়ে অভিযোগ দেওয়া হয়েছে বলে জানা গেলেও অভিযোগগুলোর সত্যতা এখনো আনুষ্ঠানিকভাবে প্রমাণিত হয়নি।
দুদক সূত্রে আরও জানা যায়, সাবেক ক্রীড়া উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনকালে ক্রিকেট বোর্ডের গঠন ও কার্যক্রমে সরাসরি হস্তক্ষেপের অভিযোগও রয়েছে আসিফ মাহমুদের বিরুদ্ধে। একইসঙ্গে তার সাবেক সহকারী একান্ত সচিব (এপিএস) মোয়াজ্জেম হোসেনের মাধ্যমে বিভিন্ন ধরনের অবৈধ সুবিধা নেওয়ার অভিযোগও করা হয়েছে বলে সূত্রটি জানিয়েছে।
এদিকে এসব অভিযোগের মধ্যে সম্প্রতি আসিফ মাহমুদের ওমরাহ পালন নিয়েও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশ্ন উঠেছে। কেউ কেউ প্রশ্ন তুলছেন তার বিরুদ্ধে ওঠা আর্থিক অনিয়ম ও অর্থপাচারের অভিযোগ যদি তদন্তে সত্য প্রমাণিত হয়, তাহলে ওমরাহ পালনের ব্যয় কোন অর্থের উৎস থেকে বহন করা হয়েছিল?
