বাগেরহাটের মোল্লাহাটে অনুষ্ঠিত হয়েছে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ষাঁড়ের লড়াই। মঙ্গলবার (২৫ আগস্ট) বিকেলে উপজেলার গাংনী ইউনিয়নের দারিয়ালা গ্রামের স্কুল মাঠে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়।
দারিয়ালা গ্রামবাসীর উদ্যোগে আয়োজিত এ প্রতিযোগিতা দেখতে মাঠে জড়ো হন বিভিন্ন বয়সী কয়েক হাজার দর্শক। দেশের বিভিন্ন জেলা থেকে আনা মোট ১০৩টি ষাঁড় এ লড়াইয়ে অংশ নেয়।
ষাঁড়ের লড়াইকে ঘিরে সকাল থেকেই দারিয়ালা স্কুল মাঠ ও আশপাশের এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। দূর-দূরান্ত থেকে ষাঁড় নিয়ে আসা মালিকদের পাশাপাশি নারী, পুরুষ ও শিশুদের উপস্থিতিতে সরগরম হয়ে ওঠে পুরো এলাকা।
প্রতিযোগিতাকে কেন্দ্র করে স্থানীয়দের মধ্যেও ছিল ব্যাপক উৎসাহ-উদ্দীপনা। ঐতিহ্যবাহী এ আয়োজন দেখতে অনেকেই পরিবার-পরিজন নিয়ে মাঠে আসেন।
মোল্লাহাট উপজেলা বিএনপির সভাপতি শেখ হাফিজুর রহমান বলেন, গ্রাম বাংলার হারিয়ে যেতে বসা লোকজ ঐতিহ্য ধরে রাখতেই এ আয়োজন করা হয়েছে। একসময় দেশের বিভিন্ন এলাকায় নিয়মিত ষাঁড়ের লড়াই অনুষ্ঠিত হলেও আধুনিক বিনোদনের প্রসারের সঙ্গে সঙ্গে এ ধরনের আয়োজন কমে এসেছে। নতুন প্রজন্মের কাছে এই ঐতিহ্য তুলে ধরতেই এ আয়োজন করা হয়েছে।
ষাঁড়ের লড়াই দেখতে আসা বাগেরহাট পৌরসভার বাসিন্দা শিক্ষার্থী অনিমেষ দাস বলেন, ‘আমার জীবনে এটাই প্রথম ষাঁড়ের লড়াই দেখা। এমন আয়োজন আগে কখনো সরাসরি দেখিনি। খুবই ভালো লেগেছে।’
আয়োজকদের আশা, এ ধরনের লোকজ আয়োজনের মাধ্যমে গ্রাম বাংলার হারিয়ে যাওয়া ঐতিহ্য নতুন প্রজন্মের কাছে তুলে ধরা সম্ভব হবে।
