শেখ হাসিনার আমলে নির্মিত নিউরোসায়েন্সেস হাসপাতালের ৫০০ শয্যার ভবনের উদ্বোধন করলেন তারেক রহমান

অবশ্যই পরুন

রাজধানীর ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালে নতুন ৫০০ শয্যার ভবন উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তবে যে প্রকল্পের আওতায় নতুন এই ভবন নির্মিত হয়েছে, সেটির অনুমোদন, অর্থায়ন ও নির্মাণকাজের সূচনা হয়েছিল শেখ হাসিনা সরকারের আমলেই।

শনিবার (১৫ আগস্ট) সকাল ১০টার দিকে হাসপাতাল প্রাঙ্গণে নবনির্মিত ১৫ তলা ভবনটির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। এ সময় তিনি হাসপাতাল চত্বরে একটি গাছের চারা রোপণ করেন। পরে মোনাজাতে অংশ নেন এবং বেলুন ও পায়রা উড়িয়ে ভবনটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর সহধর্মিণী জুবাইদা রহমান, স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন, সমাজকল্যাণমন্ত্রী এ জেড এম জাহিদ হোসেনসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালের যাত্রাও শুরু হয়েছিল শেখ হাসিনা সরকারের সময়ে। ২০১২ সালে ৩০০ শয্যা নিয়ে হাসপাতালটি কার্যক্রম শুরু করে। রোগীর চাপ বাড়ায় পরে আরও ২০০ শয্যা যোগ করে সক্ষমতা ৫০০ শয্যায় উন্নীত করা হয়।

এরপর হাসপাতালের সক্ষমতা আরও বাড়াতে শেখ হাসিনা সরকারের আমলে নেওয়া হয় আরও ৫০০ শয্যার সম্প্রসারণ প্রকল্প। ২০১৮ সালে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) প্রায় ৫০৬ কোটি টাকার প্রকল্পটি অনুমোদন করে। একই বছরের ২৯ অক্টোবর নতুন ভবনের নির্মাণকাজ শুরু হয়।

প্রথমে ভবন নির্মাণের দায়িত্ব পায় জিকে ট্রেডার্স। তবে প্রতিষ্ঠানটির মালিক জিকে শামীম গ্রেপ্তার হওয়ার পর ২০১৯ সালে নির্মাণকাজ বন্ধ হয়ে যায়। প্রায় ২১ মাস কাজ বন্ধ থাকার পর নতুন দরপত্রের মাধ্যমে ২০২১ সালে ওয়াহিদ কনস্ট্রাকশন অবশিষ্ট নির্মাণকাজের দায়িত্ব পায়। প্রতিষ্ঠানটি পরবর্তী সময়ে ভবনের নির্মাণকাজ সম্পন্ন করে।

অর্থাৎ নতুন ৫০০ শয্যার প্রকল্পের পরিকল্পনা ও অনুমোদন থেকে শুরু করে নির্মাণকাজের বড় অংশই সম্পন্ন হয়েছে শেখ হাসিনা সরকারের সময়ে। সেই প্রকল্পের নির্মিত ভবনই এবার আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

নতুন ৫০০ শয্যা যুক্ত হওয়ায় হাসপাতালটির মোট শয্যাসংখ্যা দাঁড়িয়েছে এক হাজারে। এর ফলে স্নায়ুরোগে আক্রান্ত রোগীদের চিকিৎসাসেবার পরিধি আরও বাড়বে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

ন্যাশনিক্স/এলকে

আরও নিবন্ধ

সর্বশেষ সংবাদ